আর্জেন্টিনার ফুটবল আইকন লিওনেল মেসিকে বুধবারে বেনিনের বিপক্ষে বিদায়ী আন্তর্জাতিক ম্যাচের আগে বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট উপাধি প্রদান করেছে। গত ১ সেপ্টেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া মেসি আজ ঘরের মাঠে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয়, ‘‘আর্জেন্টিনা অধিনায়ক লিও মেসি আজ বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে ‘ডক্টর অনোরিস কসা’ উপাধি পেয়েছেন। অভিনন্দন, কিংবদন্তি!” স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালে হারের এক মাসেরও বেশি সময় পর এবং তার বাবা হোর্হে মেসির মৃত্যুর কয়েক দিন পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। গত ৮ আগস্ট আর্জেন্টিনার মধ্যাঞ্চলীয় শহর রোসারিওতে ৬৮ বছর বয়সে মারা যান মেসির বাবা। আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক মেসিই দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন এবং সর্বোচ্চ গোলদাতাও তিনি। দক্ষিণ আমেরিকার ফুটবল ইতিহাসেও তিনিই সর্বোচ্চ গোলদাতা। বহু বছর ধরে একের পর এক হতাশার পর, বিশেষ করে ২০১৪ সালের ফিফা বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হারের পর, ২০২২ সালে বিশ্বকাপের শিরোপার স্বাদ পান মেসি। ফাইনালে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বাধীন ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এটি ছিল ৩৬ বছরের মধ্যে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয় এবং ইতিহাসে তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা। এর আগে ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনার ২৮ বছরের ট্রফি-খরা শেষ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। বিশ্বকাপ জয়ের পর ২০২৪ সালের আসরেও কোপা আমেরিকার শিরোপা জিতে টানা দুবার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পরও মেসি প্রথমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি এবং ছয় বছর পর কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে নেতৃত্ব দেন। কিংবদন্তি এই ফুটবলার ২০০৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত ছয়টি ফিফা বিশ্বকাপে অংশ নিয়েছেন। ৩৪ ম্যাচে করেছেন ২১ গোল। বিশ্বকাপের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ফ্রান্সের এমবাপ্পে ২২ গোল করে রেকর্ডটি নিজের করে নিয়েছেন। এ বছরের বিশ্বকাপে মেসি করেছেন আট গোল এবং চারটি গোলে সহায়তা করেছেন। ফলে টুর্নামেন্টের অন্যতম সেরা পারফরমার ছিলেন তিনি। এর মধ্যে আলজেরিয়ার বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম ফিফা বিশ্বকাপ হ্যাটট্রিকও করেন তিনি। একসময় বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে গিয়েছিলেন মেসি। পরে এমবাপ্পে তাকে টপকে শীর্ষস্থান দখল করেন। তবে ক্লাব ফুটবলে এখনো খেলে যাচ্ছেন মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির হয়ে তিনি খেলছেন।
আগামী ৯ অক্টোবর অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে বাংলাদেশ নারী দলের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে। এর আগে প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ড ফায়ারের বিপক্ষে মাঠে নেমেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে কুইন্সল্যান্ড ফায়ারের কাছে ৭০ রানে হেরেছে নাহিদা-জ্যোতিরা। মঙ্গলবার (৬ অক্টোবর) ৩৬ ওভারের প্রস্তুতি ম্যাচে শুরুতে কুইন্সল্যান্ড ৯ উইকেটে ২৬৬ রান করে। এরপর বাংলাদেশ ৭ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে। ওভালে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘোরাতে থাকেন স্বাগতিক ব্যাটাররা। সর্বোচ্চ ৯৪ রান করেন নট। হ্যারিস ৫০ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়া উইনফিল্ড-হিল করেন ৪৮ রান। বাংলাদেশের হয়ে পিংকি চারটি এবং মারুফা আক্তার দুটি উইকেট নেন। জবাবে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ফারজানা হক ১৬ ও শারমিন সুলতানা ২৮ রান করে ফিরে গেলে বিপদ বাড়ে। এরপর সোবহানা মোস্তারি ও সুলতানা আক্তারের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। শারমিন সুপ্তা ৬৭ বলে ৬৮ রান করেন। সোবহানা ৫৪ বলে ৪৯ রান করেন। শেষ পর্যন্ত বড় লক্ষ্য তাড়া করতে পারেনি বাংলাদেশ। ৩৬ ওভারে ৭ উইকেটে দুশ রানের আগেই থামে তাদের ইনিংস। কুইন্সল্যান্ডের হয়ে হ্যানকক তিনটি এবং বাসিংথওয়াইট, সুসি ও হ্যারিস একটি করে উইকেট নেন।
রাত পোহালেই শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন লিওনেল মেসি। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকার বিদায়ী ম্যাচ ঘিরে ইতোমধ্যে আবেগে ভাসছে আর্জেন্টিনা। বিশেষ করে তার জন্মশহর রোজারিও যেন সেজেছে এক ভিন্ন রূপে। বুধবার (৬ অক্টোবর) আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ‘বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্টাল’ স্টেডিয়াম ভোর ৫টায় অনুষ্ঠিত হবে মেসির বিদায়ী ম্যাচ। যেখানে প্রায় ৮৫ হাজার আর্জেন্টাইন সমর্থক ৩৯ বছর বয়সী এই তারকার জাদু দেখার জন্য উপস্থিত থাকবেন। প্রিয় তারকাকে সম্মান জানাতে রোজারিওর ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়ালে স্থাপন করা হয়েছে ৩০ মিটার দীর্ঘ একটি বিশেষ জার্সি। জার্সিটিতে সোনালি অক্ষরে লেখা হয়েছে ‘গ্রাসিয়াস’—স্প্যানিশ ভাষায় যার অর্থ ‘ধন্যবাদ’। বিশাল ওই জার্সির বুকে সোনালি রঙে ফুটিয়ে তোলা হয়েছে মেসির বিখ্যাত ১০ নম্বর। আর্জেন্টিনার হয়ে তার অসাধারণ অবদানকে স্মরণ করতেই এমন ব্যতিক্রমী আয়োজন করেছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। বিদায়ী ম্যাচ উপলক্ষে বিশেষ প্রস্তুতি নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)ও। ম্যাচ শুরুর আগে থাকবে সাংস্কৃতিক আয়োজন ও সংগীত পরিবেশনা। ম্যাচ শেষে মেসির হাতে তুলে দেওয়া হবে তার বর্ণাঢ্য ক্যারিয়ারকে স্মরণ করে তৈরি একটি বিশেষ স্মারক জার্সি। এছাড়া স্টেডিয়ামের বড় পর্দায় দেখানো হবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো নিয়ে তৈরি একটি ভিডিও। শেষ ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলনেও যোগ দিয়েছেন মেসি। সতীর্থদের সঙ্গে তাকে বেশ হাসিখুশি দেখা গেছে। দীর্ঘদিনের সঙ্গীদের সঙ্গে শেষবারের মতো সময় কাটিয়ে নিচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক। অনুশীলনের ফাঁকে সতীর্থদের সঙ্গে হাসি-ঠাট্টায়ও মেতে উঠতে দেখা গেছে তাকে। মনুমেন্টালে জাতীয় দলের হয়ে শেষ অনুশীলন শেষে নিজের নামে নামাঙ্কিত এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে রাতের খাবার খান মেসি। পরে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লেখেন, ‘বিশেষ কিছু মুহূর্ত। আমি জানি, এগুলো খুব মিস করব।’ পোস্ট করা ছবিগুলোর মধ্যে একটি বিশেষভাবে নজর কেড়েছে সমর্থকদের। সেখানে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া, জাতীয় দলের ফুটবলার, কোচিং স্টাফ এবং এএফএর কর্মীদের সঙ্গে এক ফ্রেমে দেখা যায় মেসিকে। জাতীয় দলের সবার সঙ্গে ছবি তোলা তার জন্য নতুন কিছু না হলেও, এবার ছবিটির আবেগময় তাৎপর্য ভিন্ন। কারণ, আর্জেন্টিনার জার্সিতে এটিই তার শেষ অধ্যায়ের শেষ মুহূর্তগুলোর একটি। গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেন মেসি। সেই ঘোষণার পর এবার মাঠে নেমে আনুষ্ঠানিকভাবে শেষ করবেন তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার। বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে আর্জেন্টিনার হয়ে মেসির ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ। এর আগে ২০৭ ম্যাচে তিনি করেছেন ১২৫ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮টি গোল। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমাসহ অসংখ্য সাফল্যে ভরা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় রচিত হবে আগামীকাল ভোরে।
কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের জালে ৪ বার বল পাঠিয়ে দাপুটে জয় তুলে নিল ব্রাজিল। শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে ব্রাজিল। ভারতের রক্ষণকে চাপে রেখে একের পর এক আক্রমণ তৈরি করতে থাকে তারা। শনিবার (৩ অক্টোবর) ২৮ মিনিটে সেটির ফল আসে। মাতেউজিনহোর পাস থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন এস্তেভাও। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। ৪২ মিনিটে এস্তেভাওয়ের সহায়তায় গোল করেন পেদ্রো। দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্র বদলায়নি। ব্রাজিলের আক্রমণের সামনে ভারতকে বেশির ভাগ সময়ই রক্ষণ সামলাতে হয়েছে। ৫৮ মিনিটে ব্যবধান ৩-০ করেন স্যামুয়েল লিনো। এরপর ব্যবধান কমানোর চেষ্টা করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি ভারত। শেষ দিকে আরেকবার ভারতীয় রক্ষণে চিড় ধরায় ব্রাজিল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্রাজিলের জয় ৪-০ নিশ্চিত করেন স্যামুয়েল লিনো। ম্যাচে ব্রাজিল বল দখলে রাখে ৬৫ শতাংশ, ভারতের ৩৫ শতাংশ। ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু আরেকটু ভালো গোলকিপিং করতে পারলে ব্রাজিলের জয়ের ব্যবধান আরো কম হতে পারত। তবে ঐতিহাসিক এই ম্যাচ ভারতের জন্য ছিল অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস বাড়ানোর বড় সুযোগ। আর ব্রাজিলের জন্য কলকাতার এই রাত হয়ে থাকল আরেকটি দাপুটে জয়ের স্মৃতি।
ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের করুণ পরাজয়কে ছাপিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাদ ও সোহলের ভাইরাল হওয়া নাইটক্লাবের ছবি। প্রকাশিত ছবিগুলো নেপালের তোলার কথা জানালেও সাদের অনুরোধে নতুন করে ব্যাখ্যা দিয়েছেন সেই ইন্দোনেশিয়ান তরুণী। শুক্রবার (২ অক্টোবর) দেওয়া নতুন পোস্টে এলেনা লিখেছেন, একটা ব্যাখ্যা দিতে চাই ছবি ও ভিডিও নেপালে দুই মাস আগের। যেখানে পেশাদার ও প্রকৃত বন্ধুদের সাথে দেখা করেছিলাম।’ দুই মাস আগের ছবি গতকাল পোস্ট করার কারণও ব্যাখ্যা দিয়েছেন পরের প্যারায়, আমার পোস্টে কোনো ভুল বোঝাবুঝি হলে দুঃখিত। আমি সাধারণত দেরিতে পোস্ট করি কারণ আমি যখন ভ্রমণ করি তখন উপভোগ করি। সাদ উদ্দিনের ইন্দোনেশিয়ার ‘বন্ধু’ গতকাল সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্টটি দেওয়ার পর আজ সাদের অনুরোধে পোস্টে ছবির ব্যাখ্যা দিয়েছেন। তবে ছবিটি জাকার্তারই কোনো ক্লাবের হতে পারে বলেও গুঞ্জন রয়েছে। যদিও এর সত্যতা নিশ্চিত করা যায়নি। এমনকী সাদ উদ্দিনের অনুরোধেই ইন্দোনেশিয়ার ওই নারী পোস্টটি করেছেন। নেপাল কিংবা ইন্দোনেশিয়া ঘটনা যেখানেরই হোক যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গেছে নারীর কাঁধের ওপর সাদের হাত রাখা এবং সামনে পানীয়। যা জাতীয় দলের ফুটবলারের কাছ থেকে কাম্য নয়। শুধু ক্রীড়াঙ্গন নয়, তরুণ সমাজ তাদের অনুকরণ করে। নাইট ক্লাবে পানশালা কিংবা ডিস্কোতে যাওয়া শৃঙ্খলা পরিপন্থী। সাদ ও সোহেল দুই জনই সিনিয়র ফুটবলার। এই প্রসঙ্গে সাদ উদ্দিন জাকার্তা বিমানবন্দর থেকে বলেন, ছবিটি জাকার্তা নয় নেপালে এবং মাসখানেক আগে বিষয়টি পরিষ্কার করার জন্য তাকে পোস্ট করতে বলেছি। ঐ জায়গায় যাওয়া ঠিক হয়নি কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন ও বন্ধু থাকতে পারে পেশাদার ফুটবলের বাইরে।
আসিয়ান কাপে গ্রুপ পর্বের ম্যাচে শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের হেরেছে বাংলাদেশ দল। এই হারের ক্ষত না শোকাতেই সিনিয়র খেলোয়াড় সাদ উদ্দিন ও জুনিয়র সোহেল রানার নাইটক্লাবের ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। বাবুর ভাষ্য, ‘রাতের খাবারের পর খেলোয়াড়েরা ঘুমাতে গেছে। আমরা তো সারারাত তাদের দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে পারি না।’ ঘটনার সত্যতা নিশ্চিত হলে শাস্তিমূলক ব্যবস্থার ইঙ্গিতও দিয়েছেন তিনি। বাবু বলেন, ‘যদি তারা এমন কিছু করে থাকে, তাহলে আমাদের শৃঙ্খলা কমিটি আছে। আমরা আমাদের দিক থেকে ব্যবস্থা নেব।’ ঘটনার সূত্রপাত একটি এক্স পোস্ট থেকে। আলানা নামের এক ইন্দোনেশিয়ান নারী এক্সে পোস্ট দিয়ে লেখেন, বাংলাদেশে ফুটবলারদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের এইচ ক্লাবে। বাংলাদেশ ইন্দোনেশিয়া ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তারা। এটা খুবই ফানি হতো যদি খেলা দেখতাম এবং নিজের জাতীয় দলের বদলে বাংলাদেশের পক্ষে গলা ফাটাতাম। প্রকাশিত ভিডিওতে দেখা যায় সাদ ও সোহেল রানার সঙ্গে আছেন তিন নারী। গানের তালে তালে নাচতেও দেখা যায় সাদকে। এত বড় হারের ঠিক পরই এমন ভিডিও ও ছবি ভাইরাল হওয়ার পর ভক্তদের কাছে স্বাভাবিকভাবেই বার্তা যাচ্ছে দুজনে এরপরই গিয়েছেন নাইটক্লাবে। তবে সাদ ও সোহেলের দুজনেই বিষয়টি নিয়ে ভিন্ন তথ্য দিয়েছেন। জানান, ক্যাম্প শুরুর আগে দুজনে নেপালে গিয়েছিলেন, সেখানেই মূলত পরিচিত হন আলানার সঙ্গে। একটি সংবাদমাধ্যমকে তারা বলেন, মোহামেডানে সাইন করার পর আমরা ফ্রি ছিলাম। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে নেপালে ঘুরতে গিয়েছিলাম। তখন একটি (লোডা) ক্লাবে তার সঙ্গে দেখা ও পরিচয় হয়েছিল। এটি জাকার্তা বা ইন্দোনেশিয়ায় নয়।
আগেই জানা গিয়েছিল স্পেনের দ্বিতীয় বিভাগের দল এলদেনসের মালিকানা অর্জনে প্রাথমিক চুক্তি করেছেন লিওনেল মেসি। এবার আসল অনুষ্ঠানিক ঘোষণা। বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিবৃতিতে এলদেনস নিশ্চিত করেছে, ইন্টার মায়ামি তারকা আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ দ্বিতীয় বিভাগের দলটিকে অধিগ্রহণ করেছেন। বিবৃতিতে বলা হয়, ক্লাব দেপোর্তিভো এলদেনসে আনুষ্ঠানিকভাবে লিও মেসির মাধ্যমে ক্লাবটি অধিগ্রহণের ঘোষণা দিচ্ছে। এর মাধ্যমে ক্লাবটির ১০০ বছরেরও বেশি পুরোনো ইতিহাসে একটি নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হলো।’ তারা আরও বলেছে, ক্রীড়া ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সিডি এলদেনসের মালিক হিসেবে স্প্যানিশ পেশাদার ফুটবলে আগমন ক্লাবটির ক্রীড়াগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদী প্রকল্পের সূচনা করেছে। এলদেনসে বর্তমানে কলম্বিয়ান ইনভেস্টমেন্ট গ্রুপ গ্রুপো টিএইচ-এর মালিকানাধীন। তাদের কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও ক্লাব আছে। চুক্তিটি এখনও স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনের অপেক্ষায়। এলদেনসে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। বার্সেলোনা ও আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড কর্নেলারও মালিকানা কিনেছেন। এই বছরের শুরুতে বার্সেলোনা শহরের পঞ্চম বিভাগীয় দলটি কিনেছিলেন তিনি। মেসি এই প্রথমবার কোনো পেশাদার ক্লাবে বিনিয়োগ করলেন। কর্নেয়া এখনও আধা পেশাদার। দুই দলের মধ্যে তিনটি বিভাগের তফাত থাকায় অদূর ভবিষ্যতে দুটি ক্লাবের মালিকানা নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা কম। এখন দেখার অপেক্ষা কর্নেয়ার সঙ্গে সম্পর্ক মেসি সীমিত করে ফেলেন কি না। কারণ তিনি দুটি দলেরই সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার, রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন সাধারণত একই শেয়ারহোল্ডারের দুটি দলকে একই বিভাগের খেলার অনুমতি দেয় না। এলদেনসে ১৯২১ সালে প্রতিষ্ঠিত। ইতিহাসের বেশিরভাগ সময় তারা স্প্যানিশ ফুটবলের শীর্ষ দুটি বিভাগের বাইরে ছিল। ১৯৬৪ সালের পর প্রথমবার ২০২৩ সালে তারা দ্বিতীয় বিভাগে উন্নীত হয়। পরে ২০২৫ সালে অবনমিত হয়ে তৃতীয় বিভাগে খেলছে। ক্লাবটি এলদা শহরের ৫৭৭৬ আসনের নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে হোম ম্যাচ খেলে।
আসিয়ান কাপে গ্রুপ পর্বের ম্যাচে শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের হেরেছে বাংলাদেশ দল। যার ফলে সমালোচনায় ভাসছে ফুটবলাররা। এসবের মাঝেই সিনিয়র খেলোয়াড় সাদ উদ্দিন ও জুনিয়র সোহেল রানার নাইটক্লাবের ভিডিও ভাইরাল হয়েছে। ইন্দোনেশিয়ার এক নারী আলানার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। সেখানে দেখা যায় সাদ ও সোহেল রানার সঙ্গে আছেন তিন নারী। এরপর একটি ভিডিওতে গানের তালে তালে নাচতেও দেখা যায় সাদকে। এত বড় হারের ঠিক পরই এমন ভিডিও ও ছবি ভাইরাল হওয়ার পর ভক্তদের কাছে স্বাভাবিকভাবেই বার্তা যাচ্ছে দুজনে এরপরই গিয়েছেন নাইটক্লাবে। তবে সাদ ও সোহেলের দুজনেই বিষয়টি নিয়ে ভিন্ন তথ্য দিয়েছেন। জানান, ক্যাম্প শুরুর আগে দুজনে নেপালে গিয়েছিলেন, সেখানেই মূলত পরিচিত হন আলানার সঙ্গে। একটি সংবাদমাধ্যমকে তারা বলেন, মোহামেডানে সাইন করার পর আমরা ফ্রি ছিলাম। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে নেপালে ঘুরতে গিয়েছিলাম। তখন একটি (লোডা) ক্লাবে তার সঙ্গে দেখা ও পরিচয় হয়েছিল। এটি জাকার্তা বা ইন্দোনেশিয়ায় নয়। যদিও ইন্দোনেশিয়ার নারী আলানা এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছিলেন, বাংলাদেশে ফুটবলারদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের এইচ ক্লাবে। বাংলাদেশ ইন্দোনেশিয়া ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তারা। এটা খুবই ফানি হতো যদি খেলা দেখতাম এবং নিজের জাতীয় দলের বদলে বাংলাদেশের পক্ষে গলা ফাটাতাম। এরপর অবশ্য আলানা সেই পোস্ট ডিলিট করে দিয়েছেন। একাধিক অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও প্রকাশ করা হলে সেখানে গিয়ে তিনি সেসব ভিডিও ডিলিট করার অনুরোধ করেন। তা না মানলে আইনত ব্যবস্থা নেওয়ারও হুমকি দেন। বাংলাদেশ এবারের আসিয়ান কাপ দিয়ে প্রথমবারের মতো কোনো ফিফা টুর্নামেন্টে খেলতে নেমেছিল। তবে প্রত্যাশা তো পূরণ হয়ইনি, উল্টো দল টুর্নামেন্টটা শেষ করেছে একরাশ হতাশায়। এমন পরিস্থিতিতে দুই ফুটবলারের এমন ভিডিও সমর্থকদের মনে ক্ষোভের জন্ম দিয়েছে বৈকি!
তৃতীয় দিনে এসেই জমে উঠেছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। দিনের দ্বিতীয় দিনে নিজেদের হেক্সা মিশনে যাত্রা শুরু করে বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল। কিন্তু, তাদের এই মিশনের শুরুতেই ধাক্কা দিয়ে বসেছে মরক্কো। দুর্দান্ত এটলাস লায়নদের সামনে সেলেসাওদের মনে হয়েছে অতি সাধারণ মানের কোনও দল। ১-১ গোলের ড্র নিয়ে মন খারাপ করেই মাঠ ছাড়তে হয়েছে আনচেলত্তি বাহিনীকে। ভিনি-রাফিনহাদের খেলা হতাশ করেছে ভক্তদেরও। ম্যাচের আগে যতটা উত্তেজনা ছিল ব্রাজিল ফ্যানদের মধ্যে ম্যাচ শেষে ততটাই নীরবতা গ্রাস করে নিয়েছে তাদেরকে। ব্রাজিলের এমন মন খারাপ করা পারফরম্যান্সের দিনে ঝড়ো শুরু করেছে রাইভাল জার্মানি। নবাগত কুরাসাওকে ‘সেভেন আপ’ খাইয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে হান্সি ফ্লিক বাহিনী। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রথম ম্যাচেই জার্মানির এমন পারফরম্যান্স সেলেসাওদেরকে নতুন করে মনে করে দিয়েছে ভুলে যেতে চাওয়া ২০১৪ সালের সেমিফাইনাল ম্যাচের স্মৃতি। নিশ্চিতভাবেই এ যেন কাটা ঘাঁয়ে নুনের ছিটা অগণিত ব্রাজিল ফ্যানদের জন্য। সোববার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যখন টেক্সাসের হিউস্টনে এনআরজি স্টেডিয়ামে রেফারি যখন ম্যাচ শুরুর বাঁশি বাজান তখনও কেউ ভাবতে পারেনি কতটা একপেশে হতে যাচ্ছে জার্মানি-কুরাসাওয়ের এই ম্যাচ। নবাগত আফ্রিকান দলটির জালে বল পাঠাতে জার্মানির সময় লেগেছিল মাত্র ৬ মিনিট। মিডফিল্ডার ফেলিক্স এনমেচার গোলে শুরুতেই এগিয়ে যায় গত দুই বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে শোচনীয়ভাবে বাদ পড়া দলটি। তবে, ম্যাচের ২১তম মিনিটেই সেই গোল শোধ দিয়ে দেয় কুরাসাও। ডান প্রান্ত থেকে আক্রমণে উঠে আসা রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়া বক্সের ভেতর বল পেয়ে বাঁ পায়ের শটে পরাস্ত করেন ম্যানুয়েল নয়্যারকে। বল জড়িয়ে যায় জালে, আর গর্জে ওঠে গ্যালারিতে থাকা কুরাসাও সমর্থকেরা। গোলের পর কোমেনেনসিয়ার উদযাপনও ছিল নজরকাড়া। রেসলিং তারকা জন সিনার বিখ্যাত ‘ইউ ক্যান্ট সি মি’ ভঙ্গিতে উদ্যাপন করেন তিনি। তখন অনেকেরই মনে হয়েছিল, বিশ্বকাপে জার্মানদের দুর্দিন বোধহয় এখনও শেষ হয়নি। কুরাসাওয়ের ঐতিহাসিক এই গোলের পর ধারাভাষ্যকার ইয়ান ডার্ক বলছিলেন, ‘হিউস্টনে ইতিহাস। মাত্র এক লাখের একটু বেশি মানুষের একটি দেশ কোটি কোটি মানুষকে বিস্মিত করে দিয়েছে।’ তখনও ইয়ান জানতেন না তেঁতে উঠলে কতটা ভয়ংকর হতে পারে হান্সি ফ্লিকের হাতে গড়া নতুন এই জার্মানি। ম্যাচের ৩৮তম মিনিট পর্যন্ত ভালোভাবেই হাভার্টজ-মুসিয়ালা-কিমিখদের সামলেছেন কুরাসাওয়ের প্লেয়াররা। কিন্তু, এরপরই বদলে যেতে থাকে দৃশ্যপট। ৩৯ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেডে গোল করেন নিকো শ্লটারবেক। তার গোলে আবারও এগিয়ে যায় জার্মানি। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান কাই হাভার্টজ। ফেলিক্স এনমেচাকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় জার্মানি। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে দলের ৩–১ ব্যবধানের লিড নিশ্চিত করেন হাভার্টজ। বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে জার্মানি। ৫২ মিনিটে ইয়োশুয়া কিমিখের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন জামাল মুসিয়ালা। তাতে ব্যবধান দাঁড়ায় ৪–১। ৬৮ মিনিটে জার্মানির জন্য পঞ্চম গোল করেন লেফটব্যাক নাথানিয়েল ব্রাউন। তখনই স্পষ্ট হতে থাকে, ব্রাজিলের বিপক্ষে ২০১৪ বিশ্বকাপের সেই ৭-১ গোলের স্মৃতি আবার ফেরাতে যাচ্ছে জার্মানি। কুরাসাওয়ের রক্ষণভাগ ভেঙে দিয়ে ৭৮ মিনিটে গোলদাতাদের তালিকায় নাম লেখান ডেনিজ উনদাভ। জার্মানদের গোল উৎসব শেষ হয় ম্যাচের শেষ দিকে। যোগ করা সময়ে ‘সেভেন আপ’ পূর্ণ করেন কাই হাভার্টজ। একসময় সমতায় ফিরেও শেষ পর্যন্ত আর জার্মানদের আক্রমণের ঢেউ সামলাতে পারলো না কুরাসাও। আর জার্মানিও দুই যুগ পর পেল এমন শুরু। এর আগে, ২০০২ বিশ্বকাপ আসরে সৌদি আরবকে ৮-০ গোলে হারিয়ে শুরু করেছিল জার্মানি। সেবারের বিশ্বকাপ আসরে রানার্স আপ হয়েছিল দলটি। আর ফাইনালে তাদের হারিয়ে নিজেদের পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর এখন পর্যন্ত আর বিশ্বকাপ জেতেনি সেলেসাওরা। বরং, মাঝে ২০১৪ সালের বিশ্বকাপ আসরে সেমিফাইনালে তাদের পেয়ে ‘সেভেন আপ’ উপহার দেয় জার্মানরা; স্কোর ছিল একই ৭-১।
আরেকটি বিশ্বকাপ। আরেকটা হেক্সা মিশন। বরাবরের মতোই শক্তিশালী স্কোয়াড নিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে নামতে যাচ্ছে ব্রাজিল। আর তাদের এই নতুন মিশনে প্রথম পরীক্ষা এটলাস লায়ন্স খ্যাত মরক্কো। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ভোর ৪টায় আফ্রিকান নেশন্স কাপ জয়ীদের মুখোমুখি হতে যাচ্ছে সেলেসাওরা। আক্ষরিক অর্থেই কঠিন পরীক্ষা দিয়েই শুরু হতে যাচ্ছে ব্রাজিলের এবারের হেক্সা মিশন। প্রথমত, র্যাংকিংই বলে দিচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ আসরের প্রথম হাইভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে এটি; যেখানে বিশ্ব রাংকিংয়ের ছয় নম্বর দল ব্রাজিল, আর ঠিক তার পরের অবস্থান সাতেই আছে মরক্কো। আর সাম্প্রতিক ফর্মের কথা ধরলে তো সেলেসাওদের হেক্সা মিশনে মরণকামড় দেওয়ার জন্য অপেক্ষা করছে এটলাস লায়নরা। হাকিমি-ডিয়াজদের মরক্কো নিজেদের সবশেষ ম্যাচ হেরেছিল দুই বছরেরও বেশি সময় আগে; ২০২৪ সালের ২৮ মার্চ। আর এই লম্বা সময়ে ২৮ ম্যাচ খেলেছে তারা। এর মাঝে টানা জয়ের বিশ্বরেকর্ডটিও নিজেদের করে নিয়েছে আফ্রিকা অঞ্চলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের ২৬ ডিসেম্বরের আগ পর্যন্ত টানা ১৯টি ম্যাচ জিতেছে মরক্কো, যেখানে তারা গোল করেছে ৫০টি আর বিপরীতে গোল হজম করেছে মাত্র ৪টি। অন্যদিকে, তারকা সমৃদ্ধ দল হলেও ব্রাজিলের সাম্প্রতিকফর্ম বেশ নড়বড়ে। র্যাংকিংয়েও ঘটেছে অবনমন। এমনকি দক্ষিণ আমেরিকা অঞ্চলের ৫ম বাছাই হিসেবে বিশ্বকাপ পা রেখেছে এবার সেলেসাওরা। বাছাইপর্বের ১৮ ম্যাচে জিতেছে মাত্র ৮টিতে, আর হেরেছে ৬টিতে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও ফ্রান্স ও জাপানের কাছে হারের স্বাদ নিতে হয়েছে আনচেলত্তি বাহিনীকে। এমনকি দুর্বল পানামার বিপক্ষে ম্যাচেও তারা হজম করেছে দুই গোল; যেখানে ব্রাজিলের গোলবারের দুই অতন্ত্র প্রহরী অ্যালিসন বেকার ও এডারসন- দুজনই খেয়েছেন একটি করে গোল। এছাড়া, খেলোয়াড়দের ফর্মও অনেকটাই কথা বলছে মরক্কোর পক্ষে। দলের সবচেয়ে বড় স্টার আশরাফ হাকিমি আছেন দুর্দান্ত ফর্মে; প্যারিস সেইন্ট জার্মেইয়ের টানা দুই চ্যাম্পিয়ন্স লীগ জয়ে রেখেছেন অনবদ্য ভূমিকা। তরুণ স্ট্রাইকার ব্রাহিম ডিয়াজ ক্লাবের পাশাপাশি জাতীয় দলেও নিয়মিত রেখে চলেছেন প্রতিভা স্বাক্ষর। আরেক তরুণ তুর্কি ইসমাইল সাইবারিও আছে দুর্দান্ত ফর্মে। দলের লেফটব্যাক নুসাইর মাজরুই দুর্দান্ত এক মোউসুম কাটিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লীগে। দীর্ঘ বিরতির পর তার দল ম্যানচেস্টার ইউনাইটেড জায়গা করে নিয়েছে আগামী বছরের চ্যাম্পিয়ন্স লীগে। নিয়মিত দুই সেন্টারব্যাক ইসা ডিওপ আর চাদি রিয়াদও আছেন দারুণ ছন্দে। আর গোলবারের অতন্ত্র প্রহরী ইয়াসিন বোনু নজর কেড়েছেন গত বিশ্বকাপেই। সেই ফর্ম তিনি টেনে নিয়ে এসেছেন এবারও। অন্যদিকে, ব্রাজিল দল আজকের ম্যাচে নামছে তাদের মহাতারকা নেইমারকে ছাড়াই। নেইমারের অনুপস্থিতিতে দলের সবচেয়ে বড় তারকা ভিনিসিউস জুনিয়র; দারুণ প্রতিভাধর হলেও ধারাবাহিকতার অভাব পারফরম্যান্সে। প্রায় সময়ই মিস করেন সহজ সুযোগ। বিশ্বকাপ কিংবা বড় টুর্নামেন্টে এখন পর্যন্ত মেলে ধরতে পারেননি নিজেকে। দলে আরও আরও আছেন রাফিনহা। পুরো দলে সবচেয়ে ভালো ছন্দে আছেন এই রাইট উইং। আশা জাগাচ্ছেন ম্যাথায়াস কুনহা; আছেন দারুণ ফর্মে। তবে, বড় মঞ্চে নিজেকে প্রমাণ করা এখনও বাকি তার। সেলেসাওদের মধ্যমাঠের মণি এবার লুকাস পাকুয়েতা; একইসঙ্গে প্রতিভাধর এবং পরীক্ষিত। তবে, ক্লাবের হয়ে শেষ মৌসুমটা একেবারেই ভালো কাটেনি তার। ভুগেছেন ইনজুরিতেও। আনচেলত্তির স্কোয়াডে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে জায়গা পেয়েছেন ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারেস। আক্রমণ ঠেকানো ও শানানো- দুই কাজেই পারদর্শী এই দুই স্টার। ব্রাজিলের ডিফেন্স লাইন নিয়েও আছে চিন্তার বিষয়। রাইটব্যাক হিসেবে ইবানেজ কিংবা আলেক্স সান্দ্রো খারাপ না হলেও দুর্দান্ত না । অন্যদিকে লেফটব্যাকে সান্তোস কিংবা দানিলো-এরাও খুব ভরসাযোগ্য না। তবে, গ্যাব্রিয়েল ও মারকুইনহোস- দুজনই বর্তমান সময়ের অন্যতম সেরা সেন্টারব্যাক। অবশ্য, তারা একজন থিয়াগো সিলভা পর্যায়ের কিনা, তা প্রমাণের এখনও বাকি। চিন্তার ভাঁজ ফেলছে ব্রাজিলের সেরা দুই গোলরক্ষক অ্যালিসন বেকার ও এডারসনের সাম্প্রতিক ফর্মও। দুজনই বর্তমান সময়ের অন্যতম সেরা গোলরক্ষক হলেও ইনজুরি সমস্যায় ভুগেছেন দীর্ঘ সময়। সেইসঙ্গে ধারাবাহিকতায়ও দেখা যাচ্ছে তীব্র সংকট। সব মিলিয়ে হেক্সা মিশনে সময়ের অন্যতম প্রতিভাধর ও দামি খেলোয়াড়দের নিয়ে নামলেও বর্তমান ব্রাজিল দলে আছে ব্যালেন্স ও ধারবাহিকতার অভাব। তবে, কার্লো আনচেলত্তির মতো মাস্টারমাইন্ড যখন ডাগআউটে, তখন জেতার একটা মাস্টারপ্ল্যান থাকেই। তবে, মরক্কোর বর্তমান ফর্ম আসলেই ভয় জাগানিয়া। সেলেসাওদের হেক্সা মিশনে মরণ কামড় বাসাতে পারেন কি না হাকিমি-ডিয়াজরা, তা বল মাঠে গড়ালেই দেখার অপেক্ষা।
ট্রফি ছাড়া আরও একটি মৌসুম শেষ করার পথে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। মাঠে পারফরম্যান্সের খরার উত্তাপ ছড়িয়ে পড়েছে ড্রেসিং রুমেও। পরিস্থিতি এতটাই খারাপ যে ফেদরিকো ভালভের্দে ও চুয়ামেনির হাতাহাতির খবর প্রকাশ্যে এসেছে। গত বৃহস্পতিবার অনুশীলনের পর সতীর্থ চুয়ামেনির সঙ্গে হাতাহাতির ঘটনায় ভালভের্দে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। প্রতিবেদন অনুযায়ী, উরুগুইয়ান এই মিডফিল্ডারের মুখে আঘাত লাগে এবং সেলাই নিতে হয়েছে। তাকে ক্লাবের ভালদেবেবাস ট্রেনিং কমপ্লেক্সের কাছের হাসপাতালে নিয়ে যান রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, বুধবারের অনুশীলনে দুই ফুটবলারের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়, যা চলতে থাকে বৃহস্পতিবারও। অনুশীলনের সময় ও পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রথম এই খবর প্রকাশ করা স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ভালভের্দে মুখের কাটা দাগ সরাসরি ঘুসির কারণে হয়নি; ঘটনাটি ছিল অনিচ্ছাকৃত। এদিকে ঘটনার বিষয়ে রিয়াল মাদ্রিদ কিংবা দুই খেলোয়াড়ের প্রতিনিধিরা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। স্প্যানিশ মিডিয়ার তথ্যমতে, বৃহস্পতিবার অনুশীলনের শুরুতে চুয়ামেনির সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানান ভালভের্দে। পরে অনুশীলনে তাকে ফাউলও করেন তিনি। এরপর ড্রেসিংরুমে দুজনের মধ্যে হাতাহাতির সময় এই চোট লাগে বলে জানা গেছে। আগামী বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোয় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা ১১ পয়েন্ট এগিয়ে আছে এবং এই ম্যাচে না হারলেই টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত করবে কাতালানরা।
কঠিন কিছু বাস্তবতার মধ্য দিয়ে সবশেষ বিপিএল আয়োজন করেছিলেন সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যেখানে প্রায় ১৪ থেকে ১৬ কোটি টাকা লস হয়েছে। আর এই জন্য বুলবুলের কাছে জবাব চেয়েছেন বর্তমান সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার (৭ মে) মিরপুরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তামিম বলেন, দুইটা ফ্র্যাঞ্চাইজি একটা মৌসুম খেলে ফেলেছে অথচ চুক্তিই হয় নাই। এটাকে কী আপনি শুধু ভুল বলবেন? অবশ্যই, জবাবদিহিতা করতে হবে। ‘সে কী কারণে ১০ কোটি টাকার জায়গায় ৩ কোটি টাকা নিয়েছেন। একটা দলকে ফ্র্যাঞ্চাইজি নিতে না করেছে তাও কেন দিয়েছে। এসবের উত্তর দিতে হবে।’ তিনি বলেন, আমি কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না। আপনি ফ্যাক্ট নিয়ে আলোচনা করছি। কেউ যদি ভুল করে থাকে তাকে জবাবদিহিতা করতে হবে। সে যেই হোক। আমি যদি এখন কোনো ভুল করে যাই তাহলে আমাকেও জবাবদিহিতা করতে হবে। গেল বিপিএলে কত টাকা লস হয়েছে সে বিষয়ে সাবেক এই ক্রিকেটার বলেন, পুরোপুরি নিশ্চিত না আমি, তবে গত বিপিএলে ১৪-১৬ কোটি টাকা লস হতে পারে। দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে আপনি কালকে সকালে ঘুম থেকে উঠেও ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারবেন।
২০২৫ সালের বিপিএল চলাকালেই ফিক্সিংয়ের অভিযোগ ওঠাই একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছিলেন বিসিবির তৎকালীন সভাপতি ফারুক আহমেদ। দীর্ঘ সময় অনুসন্ধানের পর কমিটি বিসিবির কাছে প্রায় ৯০০ পৃষ্ঠার একটি বিশাল তদন্ত রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্ট চাই বাছাই করে ১ ক্রিকেটারসহ পাঁচজনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি’র দুর্নীতি বিরোধী বিধিমালা (এন্টি-করাপশন কোড) লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি। শাস্তি পাওয়া ৫ জন হলেন— মো. লুবলুর রহমান (টিম ম্যানেজার), মো. তৌহিদুল হক তৌহিদ (ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক), রেজওয়ান কবির সিদ্দিকী (টিম ম্যানেজার), রেজওয়ান কবির সিদ্দিকী (টিম ম্যানেজার), সামিনুর রহমান ও একমাত্র ক্রিকেটার অমিত মজুমদার। সবাই ২০২৫ বিপিএলের সঙ্গে জড়িত থাকলেও সামিনুর রহমানের বিরুদ্ধে নবম আসর থেকেই ফিক্সিংয়ের নাম লিখিয়েছেন। তাই তাকেও শাস্তি দিয়েছে বিসিবি। আসুন এক নজরে দেখে নেওয়া যাক কে কোন অভিযোগ শাস্তি পেলেন— মো. লুবলুর রহমান (টিম ম্যানেজার) ধারা ২.৪.৭ অনুসারে, তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তাকে (DACO) সহযোগিতা না করা (ধারা ২.৪.৬) এবং তদন্তে বাধা প্রদানসহ তথ্য বা যোগাযোগ মুছে ফেলে প্রমাণ নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। তৌহিদুল হক তৌহিদ (ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক) তার বিরুদ্ধেও টিম ম্যানেজারের মতোই তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপন বা ধ্বংস করে তদন্তে বিঘ্ন ঘটানোর অভিযোগ আনা হয়েছে। অমিত মজুমদার (ঘরোয়া ক্রিকেটার) ধারা ২.২.১ অনুসারে, এই ক্রিকেটারের বিরুদ্ধে সরাসরি জুয়া খেলার অভিযোগ আনা হয়েছে। ম্যাচের ফলাফল বা অগ্রগতির ওপর তিনি বাজি ধরেছিলেন বলে তদন্তে উঠে এসেছে। রেজওয়ান কবির সিদ্দিকী (টিম ম্যানেজার) অমিত মজুমদারের মতো এই কর্মকর্তার বিরুদ্ধেও ক্রিকেট ম্যাচের বিভিন্ন দিকের ওপর বাজি ধরা বা জুয়া খেলার অভিযোগ আনা হয়েছে। বিসিবি জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের সাময়িকভাবে নিষিদ্ধ (Provisionally Suspended) করা হয়েছে। নোটিশ পাওয়ার ১৪ দিনের মধ্যে তাদের অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে বিসিবি এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না বলে জানানো হয়েছে। সামিনুর রহমানের বিরুদ্ধে ‘এক্সক্লুশন অর্ডার’ বিপিএলের ৯ম, ১০ম এবং ১১তম আসরে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার দায়ে সামিনুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে ‘এক্সক্লুশন অর্ডার’ বা বহিষ্কারাদেশ জারি করেছে বিসিবি। তদন্তে দেখা গেছে, তিনি খেলোয়াড় ও এজেন্টদের দুর্নীতির প্রস্তাব দেওয়া, আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের সাথে যোগাযোগ রাখা এবং ম্যাচ ফিক্সিংয়ে সহায়তা করার মতো গুরুতর অপরাধে জড়িত ছিলেন। সামিনুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ মেনে নিয়েছেন এবং আত্মপক্ষ সমর্থনের অধিকার ত্যাগ করেছেন। এর ফলে বিসিবি’র আওতাধীন কোনো কর্মকাণ্ডে আর অংশ নিতে পারবেন না তিনি।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান দল এখন ঢাকায়। সবঠিক থাকলে আগামী ৮ মে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। বিনামূল্যে মাঠে বসে এই ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছে শিক্ষার্থী ও ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থীরা। মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত, ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাট ‘টেস্ট ক্রিকেট’ এর প্রতি তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মাঠে প্রবেশের জন্য বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বিসিবির নির্দেশনা অনুযায়ী, সাধারণ স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিহিত অবস্থায় এবং প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র (ID Card) প্রদর্শন করে নির্দিষ্ট গ্যালারিতে প্রবেশের সুযোগ পাবে। অন্যদিকে, বেসরকারি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৫ বছরের নিচে। তাদের ক্ষেত্রেও নিজ নিজ একাডেমির নির্ধারিত জার্সি বা পোশাক পরিহিত অবস্থায় স্টেডিয়ামে উপস্থিত হতে হবে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের ফলে স্টেডিয়ামে তরুণ দর্শকদের উপস্থিতি বাড়বে এবং তারা মাঠে বসে সরাসরি আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। মূলত, খুদে দর্শকদের মাঝে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ছড়িয়ে দিতেই এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে। বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।
সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ দল। সিরিজ না জিততে পারলেও আইসিসির বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদে বড় অগ্রগতি দেখিয়েছে টাইগাররা। নতুন তালিকায় এক ধাপ এগিয়ে এখন অষ্টম স্থানে উঠে এসেছে টাইগাররা। মঙ্গলবার (৫ মে) প্রকাশিত আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ২২৫। এই পয়েন্ট নিয়েই তারা উঠে এসেছে আট নম্বরে। অন্যদিকে, ছয় পয়েন্ট হারিয়ে শ্রীলঙ্কা নেমে গেছে নবম স্থানে। তাদের ঠিক পেছনেই রয়েছে আফগানিস্তান, যাদের পয়েন্ট ২২০। র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত, যারা ২৭৫ পয়েন্ট নিয়ে প্রথম স্থান ধরে রেখেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এছাড়া নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ নিজেদের অবস্থান অপরিবর্তিত রেখেছে শীর্ষ সাতের মধ্যে। এই র্যাঙ্কিং হালনাগাদে গত এক বছরের পারফরম্যান্সকে পুরোপুরি বিবেচনায় নেওয়া হয়েছে, আগের দুই বছরের ম্যাচগুলোর ধরা হয়েছে ৫০ শতাংশ হিসেবে। ফলে সাম্প্রতিক সময়ে যারা ভালো খেলছে, তাদের র্যাংকিংয়ে দ্রুত উন্নতি ঘটছে।
রিয়াল মাদ্রিদের হয়ে দায়িত্ব পালন করা সফল কোচদের মধ্যে একজন হলেন জিনেদিন জিদান। তবে তৃতীয় দফায় কোচ হিসেবে মাদ্রিদে ফেরার প্রস্তাব পেয়েও তা প্রত্যাখ্যান করেছেন এই ফরাসি কোচ। স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত বছরের শেষ দিকে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে আলোচনা হলেও শেষ পর্যন্ত ‘না’ বলেন ফরাসি কিংবদন্তি। জানা গেছে, জাভি আলোনসোর বিদায়ের পর জিদানকে কোচ হিসেবে ফেরাতে চেয়েছিলেন পেরেজ। তবে জিদান ইতোমধ্যেই দিদিয়ের দেশমের পর ফ্রান্স দলের কোচ হওয়ার পরিকল্পনায় সম্মতি দিয়ে রেখেছেন। তাই রিয়ালে ফেরা সম্ভব হয়নি তার জন্য। এদিকে, জানুয়ারিতে আলোনসোর বিদায়ের পর দায়িত্ব পান আলভারো আরবেলোয়া। কিন্তু তার অধীনে প্রত্যাশিত উন্নতি হয়নি। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে তারা। চ্যাম্পিয়নস লিগেও হতাশা। কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিতে হয়েছে। টানা দ্বিতীয় মৌসুম শিরোপাহীন থাকার আশঙ্কায় কোচিং পজিশন আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। স্প্যানিশ মিডিয়ার দাবি, দলের ভেতরের পরিবেশও বেশ উত্তপ্ত। ড্রেসিংরুমে অসন্তোষ বাড়ছে, আর তারকারা যেমন এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র এবং জুড বেলিংহামের মধ্যেও মতবিরোধের খবর পাওয়া যাচ্ছে। বর্তমানে নতুন কোচ খুঁজছে রিয়াল মাদ্রিদ। সম্ভাব্য তালিকায় আছেন মরিনহো, দেশম, ক্লপ ও আলেগ্রি। তবে মরিনহো ইতোমধ্যেই জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ থেকে এখনো কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি।
গত বছর জাতীয় অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল বাফুফে। দেশজুড়ে হওয়া টুর্নামেন্টে হাজারের অধিক ফুটবলার অংশগ্রহণ করেছিলেন। বাফুফে ঐ প্রতিযোগিতা থেকে ১২৮ জন ফুটবলারকে বাছাই করেছিল। সেই বাছাইকৃত ১২৮ ফুটবলারকে আরেক দফা বাছাই করেছে ফেডারেশন। কমলাপুর স্টেডিয়ামে গত কয়েক দিন বাছাইকৃত ফুটবলাররা ট্রায়াল দিয়েছেন। সেই ট্রায়াল শেষে ৩৬ ফুটবলার আজ ইয়েস কার্ড পেয়েছেন। যারা সামনে বয়স ভিত্তিক জাতীয় দল কিংবা বাফুফে একাডেমিতে অনুশীলনের সুযোগ পাবেন। এই তথ্য জানিয়েছেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফের নির্বাহী সদস্য মঞ্জুরুল করিম। তিনি বলেন, ফুটবল উন্নয়নের জন্য শক্তিশালী পাইপলাইন প্রয়োজন। এজন্য আমরা অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের বাছাই করলাম। সামনে অন্য বয়স ক্যাটাগরিতেও এটা করা হবে। বাংলাদেশ সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। এই শিরোপা জেতার পর বাফুফে তৃণমূল ফুটবলে আরো বেশি জোরদার করেছে। গত বছরের মতো এই বছরও বাফুফে অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট আয়োজন করবে দেশব্যাপী।
দীর্ঘ স্থবিরতা আর অনিশ্চয়তা কাটিয়ে আগামীকাল মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২৫-২৬। ঐতিহ্যবাহী পঞ্চাশ ওভারের এই টুর্নামেন্ট এবার নতুন চেহারায় মাঠে ফিরছে। প্রতিবারের মতো এবারের আসরেও অংশ নিচ্ছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অফ রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস। কাগজে-কলমে সবশেষ শক্তিশালী দল গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, খুব পিছিয়ে নেই প্রাইম ব্যাংক ও বর্তমান চ্যাম্পিয়ন আবাহীন, চমক দেখাতে পারে ঢাকা লিওপার্ডস। দলবদলে কে কোন ক্লাবে: মোহামেডান স্পোর্টিং ক্লাব: এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলি চৌধুরি, মৃত্যুঞ্জয় চৌধুরি, নাঈম আহমেদ, তাইবুর রহমান পারভেজ, রিপন মন্ডল, মোহাম্মদ নাঈম শেখ, তানভির ইসলাম, রিশাদ হোসেন, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরি, তাওহিদ হৃদয়, আনিসুল ইসলাম ইমন, রনি তালুকদার, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন। আবাহনী লিমিটেড: সৈয়দ খালেদ আহমেদ, সাব্বির রহমান, জাকের আলি, মারুফ মৃধা, অনিক সরকার, রোহানাত দৌলা বর্ষণ, সাব্বির হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, ইকবাল হোসেন ইমন, সৌম্য সরকার। গতবারের দল থেকে ধরে রাখা: নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, জিসান আলম, এসএম মেহেরব, রকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, শামসুল ইসলাম অনিক, নাঈমুর নয়ন, মেহেদি হাসান। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: আবু হাশিম, মাহমুদউল্লাহ, আলিস আল ইসলাম, রায়ান রাফসান রহমান, হাবিবুর শেখ মুন্না, আজিজুল হাকিম তামিম, খালিদ হাসান, আকবর আলি, শামিম মিয়া, আবু হায়দার রনি, এনামুল হক, মেহেদি হাসান, রিজান হোসেন, ইকবাল হোসেন, তানজিদ হাসান, তানজিম হাসান, টিপু সুলতান, আরিফুল ইসলাম। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব: তৌফিক খান তুষার, তোফায়েল আহমেদ, আশরাফুল হাসান, মাহফিজুল ইসলাম রবিন, নাসির হোসেন। বসুন্ধরা স্ট্রাইকার্স: রাজিব দাস, আল আমিন, রুয়েল মিয়া, ইফরান হোসেন, নাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বুলবুল, আসাদুজ্জান পায়েল, জায়েদ উল্লাহ, ইমরানউজ্জামান। ব্রাদার্স ইউনিয়ন: মইনুল ইসলাম, শরিফুল ইসলাম, মেহেদি হাসান সোহাগ, রানা শেখ, মিনহাজুল আবেদিন আসিফ, শফিকুল ইসলাম, মোহর শেখ, ফয়সাল সরকার রায়হান, আদিল বিন সিদ্দিক, নাঈম হাসান, নাজমুল ইসলাম অপু, গোলাম কিবরিয়া, সাজিদ হোসেন সিয়াম, মইনুল ইসলাম প্রধান দিপ, শাহরিয়ার কমল। সিটি ক্লাব: শাকিল হোসেন, আহরার আমিন, গাজি তাহজিবুল ইসলাম, জিল্লুর রহমান, মিজানুর রহমান, ফাহিম হাসান, নিহাদ উজ জামান, এনামুল হক আশিক, সাজ্জাদুল হক রিপন, মেহেদি মারুফ, এনামুল হক, সাদিকুর রহমান, তৌফিক আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল গাফফার সাকলাইন, আবির হোসেন। ঢাকা লিওপার্ডস: সৈকত আলি, মেহেদি হাসান, শেখ পারভেজ জীবন, ইফতিখার হোসেন ইফতি, মঈন খান, মোহাম্মদ মিঠুন, আল ফাহাদ, ওয়াসি সিদ্দিক, দেবাশিস সরকার দেবা, মুমিনুল হক, জাকির হাসান, হাসান মুরাদ, জাওয়াদ আবরার, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি। গাজী গ্রুপ ক্রিকেটার্স: ইমন আলি, অভিষেক দাস, আজিজুল হাকিম রনি, নাঈম আহমেদ, তাফসির আরাফাত তাসিব, রুবেল মিয়া, প্রিতম কুমার, রাহিম আহমেদ। গুলশান ক্রিকেট ক্লাব: বিশাল চৌধুরি, কে.এম. আতিকুর রহমান, মুসাব্বের হোসেন মুন, ইসলামুল হোসেইন আবির, তাসদিকুর রহমান, শরিফ সরকার। লেজেন্ডস অব রূপগঞ্জ: ইরফান শুক্কুর, সফর আলি, রিফাত বেগ, নাসুম আহমেদ, আশিকুর রহমান শিবলি, রবিউল ইসলাম রবি, আহমদ শরিফ, হাবিবুর রহমান সোহান, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, শাহরিয়ার আহমেদ, আইচ মোল্লা। রূপগঞ্জ টাইগার্স: হুমায়ুন আহমেদ, মো. রাকিব, শাকির হোসেন শুভ্র, তন্ময় আহমেদ, মুক্তার আলি, মো আব্দুল্লাহ, কালাম সিদ্দিকি, সুমন খান, রকিবুল আতিক।
ক্রিকেট ক্যারিয়ার শেষ না করেই আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। তবে ছাত্র আন্দোলনের মুখে পতন হয় দলটির, বর্তমানে রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ। ফলে প্রশ্ন ওঠে দল পরিবর্তন করে আবারও রাজনীতিতে ফিরবেন কিনা। কিন্তু বিশ্বসেরা এই ক্রিকেটার স্পষ্ট করে জানিয়েছেন তার একমাত্র পছন্দ বাংলাদেশ আওয়ামী লীগ। তার মতে ‘দল পরিবর্তনের কোনো ইচ্ছা তার কোনোকালেই ছিল না এবং ভবিষ্যতেও নেই।’ সম্প্রতি দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। সাকিব বলেন, আমার এত দল পরিবর্তন করার শখ নেই। আমি যখন ছোট কোনো দলেও খেলেছি, সেই দলের প্রতি অনুগত ছিলাম। আমার পল্টি দেওয়ার অভ্যাস নেই। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, আজীবন কি কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে? এটা মানুষের গণতান্ত্রিক অধিকার। জোর করে কিছুদিন দমিয়ে রাখা সম্ভব হলেও তাতে দেশের বা রাজনীতির কোনো উন্নতি হয় না। তিনি বলেন, যদি আমরা আগে ভুল করে থাকি এবং এখন সেটির পুনরাবৃত্তি হয়, তবে এই খেলা চলতেই থাকবে। কাউকে না কাউকে এই ধারা শেষ করতে হবে। যে দল এটি শেষ করে দৃষ্টান্ত স্থাপন করবে, তারাই মানুষের মনে জায়গা করে নেবে। ২০২৪ সালের জানুয়ারিতে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিবের সংসদীয় মেয়াদ ছিল মাত্র সাত মাস। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি দেশের বাইরে থাকলেও মাগুরার মানুষকে নিয়ে এখনো স্বপ্ন দেখেন তিনি। সাকিব বলেন, আমার শতভাগ বিশ্বাস আছে, সুষ্ঠু নির্বাচন হলে মাগুরার মানুষ আমাকে আবারও ভোট দেবে। আমি তো এবারের (অন্তর্বর্তী সরকার পরবর্তী সম্ভাব্য) নির্বাচনেও অংশ নিতে আগ্রহী ছিলাম। ভেবেছিলাম ভোটে দাঁড়িয়েই নিজের জনপ্রিয়তা দেখিয়ে দেব। কিন্তু পারিপার্শ্বিকতা ও দলের সিদ্ধান্তের কারণে তা সম্ভব হয়নি
মেজর লিগ সকারে (এমএলএস) অরল্যান্ডো সিটির বিপক্ষে শুরু থেকে দাপট দেখিয়ে ৩৩ মিনিটের মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল মায়ামি। তারপরও নিজেদের মাঠে জিততে পারেনি তারা। এতে ভীষণ ক্ষুব্ধ লিওনেল মেসি। রোববার (৩ মে) নু স্টেডিয়ামে অরল্যান্ডো সিটির বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে ইন্টার মায়ামি। এদিন চতুর্থ মিনিটে মায়ামিকে এগিয়ে নেন ইয়ান ফ্রে। ২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তেলাস্কো সেগোভিয়া। ৩৩তম মিনিটে ডি-বক্সের বাইরে একজনকে কাটিয়ে দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন মেসি। এর কিছুক্ষণ পরই মায়ামির পথ হারানোর শুরু। ৩৯তম মিনিটে ব্যবধান কমান মার্তিন ওহেদা। ৬৮তম মিনিটে আবার জালের দেখা পান তিনি। ৭৮তম মিনিটে সফল স্পট কিকে হ্যাটট্রিকের পাশাপাশি ম্যাচে সমতা ফেরান এই আর্জেন্টাইন উইঙ্গার। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে অরল্যান্ডোকে তিন পয়েন্ট এনে দেন টাইরেস স্পাইসার। মেসির হতাশা স্পষ্ট বোঝা যাচ্ছিল। ম্যাচ শেষ হতেই সোজা টানেলের দিকে চলে যান তিনি। সতীর্থদের কী বলেছিলেন তিনি, গণমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন ফ্রে। তিনি বলেন, আমাদের অধিনায়ক কথা বলেছেন। অবশ্যই আমাদের অনেক কিছু বলেছেন তিনি। পরের ম্যাচের জন্য তিনি আমাদের অনুপ্রাণিত করেছেন এবং বলেছেন, এটা অগ্রহণযোগ্য। আমরা সবাই তার সঙ্গে একমত। ফের এমন ঘটবে না, এটা নিশ্চিত। উল্লেখ্য, ইস্টার্ন কনফারেন্সে আপাতত তৃতীয় স্থানে আছে মায়ামি। আগামী শনিবার টরন্টোর মাঠে খেলবে তারা।
পুরো ক্রিকেট ক্যারিয়ার জুড়ে বিতর্ক ও আলোচনায় ছিলেন সাকিব আল হাসান। ক্রিকেটের বাইরে সবচেয়ে বিতর্কিত হয়েছিলেন শেয়ার বাজারে নাম লিখিয়ে। বর্তমানে তার দেশে ফিরের পথে যেসব কাটা রয়েছে তার মধ্যে একটি হলো শেয়ার মার্কেটের কারসাজির অভিযোগ। তবে দেশের ক্রিকেটের পোস্টারবয় খ্যাত এই তারকা অভিযোগ তুলেছেন, দুই বছরেও কেন তার শেয়ার বাজারের কারসাজির অভিযোগ প্রমাণ করতে পারেনি? সম্প্রতি দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। সাকিব জানিয়েছেন, মাঝেমধ্যে নিউজে আসে যে অনেক সমস্যা আছে, কিন্তু কেউ বিস্তারিত বলতে পারে না। কেউ বলল যে, ‘শেয়ার মার্কেটের কারসাজি আছে।’ তো সেটা কি? দুই বছর ধরে কেউ কিছু প্রমাণ করতে পেরেছে? রাজনৈতিক মামলা একটা আছে, হত্যা মামলা। সেটাও তো দেড় বছরে কিছু এগোয়নি! ‘আর একটা চেক বাউন্সের মামলা আছে, সেটা একদম বেসিক জিনিস, যদি আপনি ইনস্টলমেন্ট না দিতে পারেন, সাইন করা যে চেকগুলো থাকে, ওটা নিয়ে ব্যাংক মামলা করে। সেটা খুবই নরম্যাল ব্যাপার এবং এটা রিশিডিউলও করা যায়, টাকা দিলে সেই মামলা বন্ধ হয়ে যায়। আমি যে সেটা করব, আমার ব্যাংক অ্যাকাউন্ট রেখেছে ফ্রিজ করে।’ তিনি বলেন, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ কেন? হয়তো তাদের মনে হয়েছে, তদন্তের স্বার্থে ফ্রিজ করা দরকার। এখন তো দেড় বছর হয়ে গেল সেই তদন্ত! কিছুই তো এখনও পর্যন্ত পায়নি! আমার বিশ্বাস, কিছুই পাওয়ার কোনো চান্স নাই। সাকিব জানিয়ে দ্রুত তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করা উচিত। তার ভাষ্য, লোকের কথা শুনলে মনে হয় যে, আমার কয়েক হাজার সমস্যা এবং সমস্যা সমাধান করতে কয়েক দশক লেগে যাবে। আসলে ইচ্ছে থাকলে কতদিন লাগতে পারে? তদন্ত করে দোষ প্রমাণিত হলে অ্যাকশন নিন। তদন্তে কিছু না পেলে ক্লিয়ারেন্স দিন, রিলিজ দিন। ‘আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে রিশিডিউল করে আমি কালকেই এটা জমা দিয়ে দিলে পরশুদিন ওরা মামলা তুলে নেবে!’ সাকিবের দেশে না ফেরার পেছনে বড় বাধা হলো হত্যা মামলা। ছাত্র আন্দোলনের সময় নিহত রুবেল হত্যায় সাকিবকে আসামী করে মামলা করা হয়েছে। যার ফলে দেশে ফিরে গ্রেপ্তার হওয়ার শঙ্কা রয়েছে। এ নিয়ে সাকিব বলেন, হত্যা মামলাটিও এখন সাধারণ অবস্থায় আছে। আইন মন্ত্রণালয় অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের কাছে একটা নির্দেশনা যাবে যে, মামলাটিতে তার যোগসূত্রতা আছে নাকি নাই। যেহেতু এখনও চার্জশিট হয়নি, আমার যোগসূত্রতা না পেলে ছেড়ে দেবে। আদাবর থানায় হওয়া মামলা নিয়ে তিনি বলেন, যেখানকার ঘটনায় মামলা, সেই আদাবরে তো জীবনেও গিয়েছি বলে মনে পড়ে না। আমার সম্পৃক্ততা যদি না থাকে, তাহলে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দিতে পারে যে, এটাতে তার যোগসূত্র নাই। এটার জন্য কতদিন লাগতে পারে? দুই বছর হতে চলেছে! তিনি আরও বলেন, যদি তারা মনে করে, আমি কানাডায় বসে ফোনে ফোনে দুনিয়ার বিশাল একটা মাফিয়া গোষ্ঠী নিয়ে বিশাল একটা ইয়ে করেছি, সেটা যদি তারা প্রমাণ দেখায়, তাহলে ঠিক আছে, বিচার করুক! সদিচ্ছা থাকলেই সব হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম আবেদন প্রক্রিয়া আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।