করোনার মতো আতঙ্ক না ছড়ালেও ঠিকই নীরব যমদূত হয়ে মৃত্যুঘণ্টা বাজিয়ে চলেছে হাম ও ডেঙ্গু। দেশজুড়ে চলমান এই দুই ভাইরাসের যৌথ প্রাদুর্ভাবে প্রতিদনই ঝরে যাচ্ছে একের পর এক প্রাণ। সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানানো হলেও কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল। এরই ধারাবাহিকতায় সবশেষ ২৪ ঘণ্টায় (একদিন) আরও ১২ প্রাণ যোগ হয়েছে এই মৃত্যুর মিছিলে। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঝরে গেছে ৬ জনের প্রাণ; আর হামজনিত রোগে মৃত্যু হয়েছে আরও ৬ শিশুর। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে পাওয়া গেছে এই তথ্য। এর মধ্যে, ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১০ জন। ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের ৫ জনই ঢাকা বিভাগের; অন্যজন মারা গেছে বরিশাল বিভাগে। আর উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ২৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৪৫ জন, বরিশাল বিভাগে ২১৯ জন, রাজশাহী বিভাগে ২১৯ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন, রংপুর বিভাগে ৬৫ জন এবং সিলেট বিভাগে ২৪ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মোট ৪৩৯ জন মারা গেছেন। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে মারা গেছেন ২০৮ জন। এছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে সারাদেশে। একই সময়ে হাম ও হামের উপসর্গ ধরা পড়েছে ১৪০০ জনের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩১৮ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে হাম উপসর্গে মারা গেছেন পাঁচজন। এছাড়া ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮। এদের মধ্যে ১০৫ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
ক্রমশ ভয়ংকর থেকে আরও ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু। প্রতিদিনই ‘সিরিয়াল কিলারের’ মতো একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে এডিস মশাবাহিত রোগটি। সদ্য বিগত সেপ্টেম্বরে ১৫২ জনের প্রাণ কেড়ে নেওয়ার পর অক্টোবরে এসে ডেঙ্গু যেন শুরু করেছে আরও ভয়ানক তাণ্ডব; প্রথম পাঁচ দিনেই মশাবাহিত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ঝরে গেছে ৩৬ প্রাণ। এর মধ্যে সবশেষ একদিনে তো হয়ে গেছে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশে ১০ জনের প্রাণ কেড়ে নিয়েছে এই ডেঙ্গু। এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৯৬ জন। মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এদিকে আগেরদিন সোমবারেও ৯ জনের প্রাণ কেড়ে নিয়েছিল ডেঙ্গু। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯০২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সব নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৮১ জনের প্রাণ গেল। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই মারা গেছে ১৫২ জন। এছাড়া অক্টোবরের গত পাঁচ দিনে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বুলেটিনে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৯৬ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৮৬১ জন ঢাকা বিভাগের। এছাড়া, খুলনা বিভাগে ৩০২ জন, বরিশালে ২০৩, চট্টগ্রামে ২৪২ জন, ময়মনসিংহে ৯৬, রংপুরে ৭৫ জন এবং রাজশাহী ১৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন সবশেষ ২৪ ঘণ্টায়। সব মিলিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৩৫৬ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ হাজার ২৯৯ জন। সময়ের ধ্বনি/এসএইচএম
কোলন ক্যান্সার হয় যখন কোলনের আস্তরণের কোষগুলি অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়, একটি টিউমার তৈরি করে। যদি চিকিত্সা না করা হয় তবে এই ক্যান্সার কোষগুলি শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। বেশিরভাগ কোলন ক্যান্সার অ-ক্যান্সার পলিপ হিসাবে শুরু হয়। সাম্প্রতিক সমীক্ষা বলছে, ৩০ থেকে ৪০ বছর বয়সিদের মধ্যে কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। এতদিন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসকে এর প্রধান কারণ মনে করা হলেও, বিজ্ঞানীরা এখন বৃহদন্ত্রের গঠনগত পরিবর্তন এবং জিনের ভূমিকাকে বেশি দায়ী করছেন। ‘অ্যাডভান্সড সায়েন্স’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় টেক্সাস ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, বয়স্কদের তুলনায় তরুণদের বৃহদন্ত্রের কোষগুলো অনেক বেশি শক্ত ও পুরু হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, শুধু খাবার দায়ী নয়, এর পেছনে রয়েছে জিনের কারসাজি।বংশগতভাবে আসা নির্দিষ্ট কিছু জিন (যেমন- এপিসি, এমএলএইচ১, এমএসএইচ২) যদি তাদের স্বাভাবিক বিন্যাস বদলে ফেলে (মিউটেশন), তবে ক্যানসারের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। গবেষকরা ‘মাইক্রোইনডেন্টেশন টেস্ট’-এর মাধ্যমে নিশ্চিত হয়েছেন যে, তরুণদের কোলন কোষের অস্বাভাবিক পরিবর্তনই ক্যানসার ডেকে আনছে। তবে আশার কথা হলো, প্রাথমিক অবস্থায় কোলন ক্যানসার ধরা পড়লে তা পুরোপুরি নিরাময় সম্ভব। বিজ্ঞানীরা এখন সেই বিশেষ জিনগুলোকে শনাক্ত করার চেষ্টা করছেন, যা নিয়ন্ত্রণ করতে পারলে ক্যানসার হওয়ার আগেই তা ঠেকানো যাবে।
বিশ্বজুড়ে পুরুষের প্রজনন স্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণায় গত ৫০ বছরে পুরুষদের গড় টেস্টোস্টেরনের মাত্রা প্রায় অর্ধেকে নেমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। এর পাশাপাশি শুক্রাণুর সংখ্যা ও মান কমে যাওয়ার বিষয়টিও দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। ফলে কেউ কেউ পরিস্থিতিকে ‘স্পার্মাগেডন’ বা পুরুষের প্রজনন সংকট হিসেবে বর্ণনা করছেন। গবেষণার নেতৃত্ব দেওয়া অধ্যাপক হাগাই লেভিন বলেন, টেস্টোস্টেরনের মাত্রা ৫০ শতাংশ কমে যাওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তার ভাষায়, বিষয়টি নিয়ে মানুষের এখনই সচেতন হওয়া প্রয়োজন। তবে এই সংকটের মাত্রা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালান পেসি মনে করেন, শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার বিষয়টি নিয়ে অতিরিক্ত উদ্বেগের কারণ নেই। তার গবেষণায় সাম্প্রতিক সময়ে তুলনামূলকভাবে নির্ভরযোগ্য পদ্ধতিতে শুক্রাণুর সংখ্যা বিশ্লেষণ করে বড় ধরনের পতনের প্রমাণ পাওয়া যায়নি। তবে শুক্রাণুর মান কিছুটা খারাপ হওয়ার ইঙ্গিত মিলেছে। বিশেষজ্ঞদের মধ্যে তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্য বিষয় হলো, পুরুষের প্রজনন স্বাস্থ্য তার সামগ্রিক শারীরিক স্বাস্থ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ইমপেরিয়াল কলেজ লন্ডনের অধ্যাপক চান্না জয়াসেনার মতে, স্থূলতা ও ডায়াবেটিসের হার দ্রুত বাড়ায় পুরুষের বিপাকীয় স্বাস্থ্যে বড় ধরনের পরিবর্তন এসেছে। অতিরিক্ত শরীরের চর্বি টেস্টোস্টেরনকে ইস্ট্রোজেনে রূপান্তরের হার বাড়ায় এবং মস্তিষ্কের হরমোন নিয়ন্ত্রণ ব্যবস্থায়ও প্রভাব ফেলে। এছাড়া পরিবেশ দূষণ, বায়ুদূষণ, মাইক্রোপ্লাস্টিক ও বিভিন্ন রাসায়নিক পদার্থ পুরুষের প্রজনন স্বাস্থ্যে কী ধরনের প্রভাব ফেলছে, তা নিয়েও ব্যাপক গবেষণা চলছে। তবে এসব উপাদানের কারণে পুরুষের প্রজনন সক্ষমতা কমছে, এমন নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা পুরুষের প্রজনন সমস্যা নির্ণয়ে মৌলিক চিকিৎসা পরীক্ষার ওপর জোর দিচ্ছেন। শারীরিক পরীক্ষা, রোগের ইতিহাস এবং বীর্য বিশ্লেষণই হওয়া উচিত প্রাথমিক ধাপ। তবে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরুষের প্রজনন সক্ষমতা বাড়ানোর বিভিন্ন পরীক্ষা, সাপ্লিমেন্ট ও চিকিৎসা পদ্ধতির প্রচার বাড়ছে। বিশেষ উদ্বেগ তৈরি করেছে চিকিৎসকের পরামর্শ ছাড়া টেস্টোস্টেরন গ্রহণের প্রবণতা। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, টেস্টোস্টেরন জেল বা ইনজেকশন উলটো শুক্রাণু উৎপাদন বন্ধ করে দিতে পারে। কারণ বাইরে থেকে টেস্টোস্টেরন গ্রহণ করলে শরীরের নিজস্ব হরমোন উৎপাদন কমে যায়। তবে ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে আশাবাদও রয়েছে। মাইক্রোফ্লুইডিক প্রযুক্তির মাধ্যমে সুস্থ শুক্রাণু বাছাই এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিপুলসংখ্যক শুক্রাণুর মধ্য থেকে সবচেয়ে ভালো কোষ শনাক্ত করার প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে। ল্যাবে ডিম্বাণু ও শুক্রাণু তৈরির প্রযুক্তি নিয়েও কাজ হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পুরুষের প্রজনন স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণ থাকলেও এখনই মানবজাতির বিলুপ্তির আশঙ্কা করার মতো প্রমাণ নেই। বরং স্থূলতা, ডায়াবেটিস, দূষণ ও অনিয়ন্ত্রিত হরমোন ব্যবহারের মতো ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন হওয়া এবং বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে চিকিৎসা নেওয়াই গুরুত্বপূর্ণ।
বয়স বাড়ার সঙ্গে পুরুষের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে যেতে পারে। চিকিৎসাবিজ্ঞানে একে ‘লো টেস্টোস্টেরন’ বা ‘লো টি’ বলা হয়। ৬০ বছরের বেশি বয়সি প্রতি ১০ জন পুরুষের মধ্যে প্রায় দুজনের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কম থাকতে পারে। টেস্টোস্টেরন মূলত পুরুষের অণ্ডকোষে তৈরি হয়। যৌন আকাঙ্ক্ষা, শারীরিক গঠন, হাড়ের ঘনত্ব, পেশির বিকাশ এবং শুক্রাণু তৈরিতে এই হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে অনেক পুরুষ শরীরে টেস্টোস্টেরন কমে যাওয়ার লক্ষণগুলো শুরু হলেও তা বুঝতে পারেন না। বিশেষজ্ঞদের মতে, নিচের লক্ষণগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ১. যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া টেস্টোস্টেরন কমে গেলে যৌন আকাঙ্ক্ষা বা লিবিডো উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। বয়স বাড়ার কারণেও যৌন আগ্রহ কমতে পারে, তবে টেস্টোস্টেরনের ঘাটতি এর অন্যতম কারণ হতে পারে। ২. উত্থানজনিত সমস্যা টেস্টোস্টেরন কমে গেলে যৌন আকাঙ্ক্ষার পাশাপাশি লিঙ্গের উত্থান তৈরি বা ধরে রাখতেও সমস্যা হতে পারে। তবে এ ধরনের সমস্যা শুধু টেস্টোস্টেরনের ঘাটতির কারণে হয় না। ডায়াবেটিস, বিষণ্নতা, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল ও থাইরয়েডের সমস্যার সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। ৩. চুল পড়া বয়স বাড়ার সঙ্গে চুল পড়া অনেক পুরুষের ক্ষেত্রেই স্বাভাবিক। তবে টেস্টোস্টেরনের মাত্রা কমে গেলে মাথার পাশাপাশি হাত-পা, মুখসহ শরীরের বিভিন্ন অংশের চুলও কমে যেতে পারে। ৪. হাড় দুর্বল হওয়া হাড়ের গঠন ও শক্তি ধরে রাখতে টেস্টোস্টেরন গুরুত্বপূর্ণ। এর মাত্রা কমে গেলে হাড়ের ঘনত্ব কমে যেতে পারে। ফলে বিশেষ করে বয়স্ক পুরুষদের হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়তে পারে। ৫. মেজাজের পরিবর্তন টেস্টোস্টেরন শরীরের বিভিন্ন কার্যক্রমে প্রভাব ফেলে। তাই এর মাত্রা কমে গেলে মনোযোগ কমে যাওয়া, খিটখিটে মেজাজ, মেজাজের ওঠানামা এবং বিষণ্নতার অনুভূতি দেখা দিতে পারে। ৬. ঘুমের ধরন বদলে যাওয়া টেস্টোস্টেরনের ঘাটতিতে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। পর্যাপ্ত ঘুম না হলে বিরক্তি, ওজন বৃদ্ধি, যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া ও শরীরের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। ৭. শক্তি কমে যাওয়া টেস্টোস্টেরন পেশির ভর ও বিকাশে ভূমিকা রাখে। এর মাত্রা কমে গেলে পেশি তৈরি ও ধরে রাখা কঠিন হতে পারে। ফলে অনেক পুরুষ নিজের শারীরিক শক্তি আগের তুলনায় কমে গেছে বলে অনুভব করেন। ৮. ওজন বেড়ে যাওয়া টেস্টোস্টেরনের মাত্রা কমে গেলে পুরুষের ওজন বাড়তে পারে। আবার অতিরিক্ত ওজন কমানোর মাধ্যমে টেস্টোস্টেরনের মাত্রা কিছুটা বাড়ানো এবং এর সঙ্গে সম্পর্কিত কিছু উপসর্গ কমানো সম্ভব হতে পারে। ৯. সারাক্ষণ ক্লান্তি ও শক্তির ঘাটতি টেস্টোস্টেরন কমে গেলে অনেক পুরুষের শরীরে শক্তির মাত্রা কমে যায় এবং সবসময় ক্লান্তি অনুভূত হতে পারে। ঘুমের সমস্যা, মেজাজের পরিবর্তন, ওজন বৃদ্ধি ও শারীরিক শক্তি কমে যাওয়াও এ অনুভূতিকে আরও বাড়াতে পারে। চিকিৎসা শারীরিক ব্যায়াম, অতিরিক্ত ওজন কমানো, স্বাস্থ্যকর খাবার এবং পর্যাপ্ত ঘুম টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করতে পারে। তবে প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন চিকিৎসা নেওয়া যায়। এর মধ্যে রয়েছে পেশিতে টেস্টোস্টেরন ইনজেকশন, ত্বকের মাধ্যমে প্রয়োগযোগ্য জেল বা প্যাচ এবং সরাসরি ত্বকে ব্যবহারের টেস্টোস্টেরন জেল। কিছু ক্ষেত্রে ত্বকের নিচে টেস্টোস্টেরন ইমপ্ল্যান্টও দেওয়া হয়। সন্তান নেওয়ার চেষ্টা করছেন এমন পুরুষদের ক্ষেত্রে চিকিৎসক পরিস্থিতি অনুযায়ী ক্লোমিফিন সাইট্রেটের মতো ওষুধ দিতে পারেন। তবে টেস্টোস্টেরন কমে যাওয়ার লক্ষণ একেক পুরুষের ক্ষেত্রে একেক রকম হতে পারে। তাই নিজের উপসর্গ দেখে নিজে থেকে হরমোন বা ওষুধ ব্যবহার না করে ইউরোলজিস্ট বা সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৬৯ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গু ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। ঢাকা উত্তর সিটিতে তিনজনের এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মৃত্যু হয়েছে। ড্যাশবোর্ড থেকে আরও জানা যায়, মৃতদের মধ্যে ২০ বছরের কমবয়সি চারজন। ৪০ বছরের বেশি বয়সিও চারজন। নিহতদের মধ্যে নারী ৫ জন এবং পুরুষও ৫ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১,০৬৯ জনের মধ্যে পাঁচ বছরের কমবয়সি শিশু রয়েছে ৫৮ জন। সবচেয়ে বেশি রয়েছে ২১ থেকে ২৫ বছর বয়সি তরুণ। চলতি সপ্তাহে ডেঙ্গুতে ২৪ জনের মৃত্যু এবং ৪,৪৭৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ৯৭ দিন পর সপ্তম শ্রেণির শিক্ষার্থী নাভিদ নেওয়াজ (১৩) সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. মারুফুল ইসলাম। তিনি জানান, ২১ জুলাই ওই বিমান দুর্ঘটনায় নাভিদের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। দুর্ঘটনার পরদিন তাকে সিএমএইচ থেকে বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। তখন তার শারীরিক অবস্থার অবনতি চলছিল এবং পরিবারকে দুইবার মানসিকভাবে প্রস্তুত হতে বলা হয়েছিল। ডা. মারুফুল ইসলাম জানান, নাভিদ মোট ২২ দিন আইসিইউতে ছিল, এর মধ্যে ১০ দিন লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এরপর ৩৫ দিন হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) এবং ৪০ দিন কেবিনে চিকিৎসা চলার পর সোমবার সে হাসিমুখে বাড়ি ফিরেছে। তার শরীরে মোট ৩৬টি ছোট-বড় অপারেশন করা হয়েছে। বিশেষ করে ৮ বার চামড়া প্রতিস্থাপন করা হয়েছে, যা অন্য কোনো দগ্ধ রোগীর ক্ষেত্রে নজিরবিহীন। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, নাভিদকে হাসপাতালে আনার সময় সে বারবার বাঁচার আকুতি জানিয়েছিল, ‘আমাকে বাঁচান, আমি কি বাঁচব?’ দুর্ঘটনায় তার ফুসফুসে পানি জমেছিল, তাই তাকে উপুড় শুইয়ে লাইফ সাপোর্টে চিকিৎসা দিতে হয়েছে, যা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। এখন সে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরছে। তিনি আরও জানান, ওই ভয়াবহ দুর্ঘটনায় এখনো পাঁচজন দগ্ধ শিক্ষার্থী ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তবে তাদের শারীরিক অবস্থা ভালো এবং আশা করা হচ্ছে সপ্তাহখানেকের মধ্যে তারা সবাই বাড়ি ফিরবেন। দীর্ঘ ৯৭ দিন পর নাভিদের সুস্থ হয়ে বাড়ি ফেরায় তার বাবা মিজানুর রহমান চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে ছেলেসহ দুর্ঘটনায় হতাহতদের জন্য দোয়া চেয়েছেন। উল্লেখ্য, ২১ জুলাই দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান আছড়ে পড়ে। মুহূর্তেই দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুনে পুড়ে বা ধ্বংসাবশেষের চাপায় স্কুলের বহু শিক্ষার্থী ও শিক্ষক প্রাণ হারান।
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় ১,১৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে: বরিশাল বিভাগে ১৬৩ জন চট্টগ্রাম বিভাগে ১০৮ জন ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৬ জন ঢাকা উত্তর সিটিতে ২৬১ জন ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৫ জন খুলনা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫৪ জন ময়মনসিংহ বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে) ৮৭ জন রাজশাহী বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে) ৯৮ জন সিলেট বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে) ৮ জন গত একদিনে ৯৫১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৬৮,৪১০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে ৭১,৬৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৮৩ জনের।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১,৪৭২ জন। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৮৮ এবং শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭২,৮২২ জনে। সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে: বরিশাল বিভাগে ১৩২ জন চট্টগ্রাম বিভাগে ৯৮ জন ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬৬ জন ঢাকা উত্তর সিটিতে ২৮৪ জন ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৫ জন খুলনা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৯ জন ময়মনসিংহ বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৫ জন রাজশাহী বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে) ৭০ জন রংপুরে ১৯ জন সিলেট বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেছেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন তাদের আন্দোলন স্থগিত করেছে। ফলে এখন থেকে সারাদেশে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে। মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। মহাপরিচালক বলেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিল, যার ফলে সারা দেশে নিয়মিত টিকাদান কার্যক্রম ব্যাহত হয়। তিনি জানান, গতকাল ও আজ দুই দিনব্যাপী আন্দোলনকারীদের সঙ্গে ব্যাপক আলোচনা শেষে তারা আন্দোলন স্থগিত করেছে। আবু জাফর বলেন, আন্দোলনকারীদের যৌক্তিক দাবিগুলো সরকার আন্তরিকভাবে বিবেচনা করছে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। আশা করি, সরকারি সিদ্ধান্তে আন্দোলনকারীরা তাঁদের যৌক্তিকতা ফিরে পাবেন। তিনি আরও বলেন, স্বাস্থ্য খাত সাধারণ নাগরিকদের একটি মৌলিক অধিকার। এই খাতে রোগীদের জিম্মি করে আন্দোলন করা যাবে না। ভবিষ্যতে কেউ এমন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মহাপরিচালক বলেন, সরকার হেলথ অ্যাসিস্ট্যান্টদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে আন্তরিক। তবে সব দাবি একসঙ্গে পূরণ করা সম্ভব নয়। তাই অগ্রাধিকার ভিত্তিতে দাবিগুলো বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, আন্দোলন স্থগিত হওয়ায় সারাদেশে চলমান টিকাদান কার্যক্রমে আর কোনো বাধা নেই। আশা করি, সবাই নিজ নিজ কাজে মনোযোগ দেবেন এবং জনমানুষের প্রাপ্যতা অনুযায়ী টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে। অধ্যাপক ডা. আবু জাফর জানান, দীর্ঘদিন পর দেশে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ১২ অক্টোবর। এদিন সারাদেশে প্রায় পাঁচ কোটি শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত এই টিকা গ্রহণ করলে শিশুদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা নেই। টিকাদানস্থলে সামান্য অস্বস্তি দেখা দিলে তা তাৎক্ষণিকভাবে কেটে যাবে। শিশুরা নির্ভয়ে টিকা নিতে পারবে। এদিকে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাকক্ষে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলন স্থগিত করা হয়েছে। সংগঠনের প্রধান সমন্বয়ক মো. ওয়ার্সি উদ্দীন রানা এবং মুখ্য সংগঠক জিয়াউল হাসান কাবুলসহ নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানান, মহাপরিচালকের আন্তরিক প্রচেষ্টা ও আশ্বাসে জাতীয় বৃহত্তর স্বার্থে ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টিসিডি টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে চলমান আন্দোলন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। নেতৃবৃন্দ বলেন, আমরা আশা করি, ভবিষ্যতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণ হবে। দাবিগুলোর মধ্যে রয়েছে: নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক/সমমান সংযোজন, স্বাস্থ্য সহকারীকে ১৪তম, সহকারী স্বাস্থ্য পরিদর্শককে ১৩তম এবং স্বাস্থ্য পরিদর্শককে ১২তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান। নেতৃবৃন্দ বলেন, মহাপরিচালকের আন্তরিক প্রচেষ্টায় আমরা সম্মিলিতভাবে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি। টিসিডি টিকাদান ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মসূচিতে প্রায় পাঁচ কোটি শিশুকে টিকা প্রদান করা হবে, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উদ্যোগ। তারা বলেন, এত বড় কর্মযজ্ঞ স্বাস্থ্য সহকারীদের ছাড়া অন্য কারও পক্ষে সম্পন্ন করা সম্ভব নয়। সূত্র: বাসস
জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলোর মধ্যে একটি হলো বিয়ে। যার মাধ্যমে দুজন মানুষ শুধু সামাজিকভাবে নয়, শারীরিকভাবেও কাছাকাছি আসেন। তাই বিয়ের আগে হবু জীবনসঙ্গীর স্বাস্থ্য পরিস্থিতি জানা অত্যন্ত জরুরি। বিশ্বের অনেক দেশে এ নিয়ে সচেতনতা থাকলেও আমাদের দেশে এখনও তা তেমন গড়ে ওঠেনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে এ বিষয়ে আগ্রহ বাড়ছে তরুণ-তরুণীদের মধ্যে। বিশেষজ্ঞদের মতে, বিয়ের আগে কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা দু’জনেরই করানো উচিত। আসুন জেনে নিই কী কী পরীক্ষা করানো উচিত বিয়ের আগে ১. রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) পরীক্ষা বিশেষ করে নারীদের ক্ষেত্রে রক্তস্বল্পতা থাকলে গর্ভধারণ ও সন্তান জন্মের সময় জটিলতা দেখা দিতে পারে। তাই রক্তস্বল্পতা আছে কি না তা জেনে নেওয়া প্রয়োজন। ২. রক্তের গ্রুপ ও আরএইচ ফ্যাক্টর পরীক্ষা বিয়ের আগে পাত্র-পাত্রীর রক্তের গ্রুপ জানা খুবই জরুরি। বিশেষ করে আরএইচ পজেটিভ বা নেগেটিভ বিষয়টি না জানলে ভবিষ্যতে সন্তানের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে স্ত্রী নেগেটিভ এবং স্বামী যদি পজেটিভ গ্রুপের হলে সন্তান হতে পারে নেগেটিভ বা পজেটিভ রক্তের গ্রুপের। সন্তান নেগেটিভ গ্রুপের হলে সমস্যা নেই, তবে পজেটিভ হলেই বিপদ। যদিও এক্ষেত্রে প্রথম সন্তানের ক্ষেত্রে বিপদের আশঙ্কা কম। সন্তান প্রসবের সময় সন্তানের রক্ত মায়ের শরীরে প্রবেশ করে বিভিন্নভাবে। ফলে মায়ের শরীরে এন্টিবডি তৈরি হয়। এ এন্টিবডি মায়ের শরীরে বাসা বাঁধে। পরবর্তীতে আরেকটি সন্তান যদি পজেটিভ গ্রুপের হয় তবে সেই এন্টিবডিপ্লাসেন্টার মাধ্যমে ভ্রুণে প্রবেশ করে তার রক্তকণিকাগুলো ধ্বংস করে ফেলে। তখন গর্ভস্থ শিশু গর্ভেই মারা যেতে পারে। কিংবা জন্মের পর মারাত্মক জন্ডিস, মস্তিষ্কের সমস্যা দেখা দিতে পারে। তাই বিয়ের আগে রক্ত পরীক্ষা করিয়ে নিন। স্ত্রীর নেগেটিভ ও স্বামীর রক্তের গ্রুপ পজেটিভ হলেও ভয়ের কিছু নেই। এমনটি হলে সন্তান প্রসব পর্যন্ত অপেক্ষা করুন। এরপর তার রক্ত পরীক্ষা করান। সন্তান পজেটিভ হলে মায়ের শরীরে এন্টি-ডি ইনজেকশন দিয়ে নিতে হবে, অবশ্যই তা চিকিৎসকের পরামর্শে। ৩. এইডস ও যৌনবাহিত রোগ পরীক্ষা এইডস ছাড়াও সিফিলিস, হেপাটাইটিস বি ও সি, গনোরিয়ার মতো যৌনবাহিত রোগ একে অপরের শরীরে সংক্রমিত হতে পারে। তাই বিয়ের আগে দুজনেরই এসব রোগের পরীক্ষা করানো নিরাপদ। ৪. মানসিক স্বাস্থ্য পরীক্ষা মানসিক স্বাস্থ্য ভালো না থাকলে দাম্পত্য জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। তাই হবু বর বা কনের কোনো মানসিক রোগ আছে কি না তা জেনে নেওয়া এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি কেউ আগে মানসিক রোগে আক্রান্ত থাকলেও তা জানিয়ে দেওয়া উচিত। ৫. বন্ধ্যাত্ব সংক্রান্ত পরীক্ষা নারী বা পুরুষ যে কারও বন্ধ্যাত্বের সমস্যা থাকতে পারে। পুরুষের ক্ষেত্রে সিমেন বিশ্লেষণ, আর নারীর ক্ষেত্রে হরমোন পরীক্ষা (এফএসএইচ, এলএইচ, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোল্যাকটিন) এবং পেলভিক আলট্রাসনোগ্রাম করানো ভালো। ৬. ওভারি পরীক্ষা (নারীর ক্ষেত্রে) বর্তমানে অনেক নারী উচ্চ বয়সে বিয়ে করেন। জীবনযাত্রার প্রভাবে ওভারিতে সমস্যা দেখা দিতে পারে, যা সন্তান ধারণে জটিলতা তৈরি করে। তাই বিয়ের আগে ওভারি পরীক্ষা করানো উচিত। ৭. জেনেটিক বা বংশগত রোগ পরীক্ষা হবু বর-কনের বংশগত বা জেনেটিক রোগ আছে কি না তা জানা গেলে ভবিষ্যতের ঝুঁকি এড়ানো যায়। তাই জেনেটিক পরীক্ষা করানো জরুরি। ৮. থ্যালাসেমিয়া পরীক্ষা থ্যালাসেমিয়া একটি গুরুতর বংশগত রোগ। বর-কনে দুজনই থ্যালাসেমিয়া বাহক হলে সন্তান গুরুতর আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই বিয়ের আগে এ পরীক্ষা করানো অত্যন্ত জরুরি। সুস্থ দাম্পত্য জীবনের জন্য আগে থেকেই সচেতন হওয়া জরুরি। বিয়ের আগে এসব পরীক্ষা দুজনেরই স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম আবেদন প্রক্রিয়া আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।