দেশজুড়ে

ছবি: সংগৃহীত
আশুলিয়ায় আন্দোলনরত পোশাক শ্রমিকদের দমাতে গিয়ে আহত ৫০ পুলিশ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানী ঢাকা ও এর আশপাশে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন পোশাক শ্রমিকরা। আন্দোলন দমন করতে গিয়ে শ্রমিকদের সঙ্গে বারবার সংঘর্ষে জড়াচ্ছে পুলিশ। সংঘর্ষের পাশাপাশি ভাঙচুর ও অগ্নিসংযোগের মত ঘটনাও ঘটছে। শুধু সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলেই শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত আহত হয়েছেন পুলিশের অন্তত ৫০ জন সদস্য।   মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরের দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য তুলে ধরেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।   তার মতে, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তিনি বলেন, সাধারণ শ্রমিকেরা কাজে থাকতে চান। কিন্তু বহিরাগত কিছু লোকের ইন্ধনে একটি পক্ষ প্রতিদিন সকালে কাজে যোগ দিতে আসা শ্রমিকদের উসকানি দিয়ে কারখানা থেকে বের করে আনার চেষ্টা করছে। তারা ইটপাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।   শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে শিল্প পুলিশ তৎপর রয়েছে দাবি করে এই এসপি বলেন, শ্রমিকেরা যাতে নিরাপদে কাজ করতে পারেন, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে নিরাপত্তার কারণে কিছু কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। এ ক্ষেত্রে পুলিশ বল প্রয়োগ করছে বলে যে অভিযোগ উঠেছে, তা সঠিক নয়।   শিল্প পুলিশের এই কর্মকর্তা এসময় আরও বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের বিষয়েও পুলিশ তাদের পাশে থেকে কাজ করে। এক মালিক শ্রমিকদের চার মাসের বেতন না দিয়ে আত্মগোপনে ছিলেন। পরে তাকে আটক করে আশুলিয়া থানার মাধ্যমে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। এ জন্য শ্রমিকেরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।   তিনি বলেন, আমরা শুধু শ্রমিকদের সুষ্ঠুভাবে কাজের পরিবেশ বজায় রাখার জন্য দায়িত্ব পালন করছি। কিন্তু কিছু লোকের ইন্ধনে শ্রমিকদের একটি অংশ কারখানা থেকে বেরিয়ে এসে পুলিশের ওপর এবং অন্য কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করছে। এ ধরনের পরিস্থিতিতে আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা তাদের ছত্রভঙ্গ করি। আমরা কোনোভাবেই শ্রমিকদের প্রতিপক্ষ নই। সরকার ঘোষিত ন্যূনতম মজুরি যথাযথভাবে বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা শ্রমিকদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করব।   এদিকে মঙ্গলবার দুপুর পর্যন্ত আশুলিয়ার শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে বলে দাবি শিল্প পুলিশের।   কারখানা বন্ধের বিষয়ে এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, তার আওতাধীন প্রায় আট শতাধিক কারখানার মধ্যে শতাধিক কারখানা বন্ধ রয়েছে। নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও জিরাবো এলাকার কিছু কারখানা ছাড়া সাভারের অন্যান্য এলাকার অধিকাংশ কারখানায় কাজ চলছে। কিছু কারখানায় সাময়িকভাবে উৎপাদন বন্ধ রয়েছে।   তিনি বলেন, দুপুরের পর কয়েকজন মালিক ফোন করে কারখানা চালু করতে চান এবং নিরাপত্তা চান। তাদের জন্য পুলিশ মাঠে রয়েছে এবং নিরাপত্তা দিতে প্রস্তুত বলে জানানো হয়েছে। পাশাপাশি কারখানা খুলে কাজ শুরু করার আহ্বান জানানো হয়েছে।   সংঘর্ষে পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়ে এসপি জানান, এ পর্যন্ত তাদের প্রায় ৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে সোমবার (২ নভেম্বর) আহত হন ২০ জন। মঙ্গলবার একজন পুলিশ সদস্যের মাথায় ইটের আঘাত লেগেছে। তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে।   সোমবার শ্রমিকদের একটি দল কারখানা থেকে বেরিয়ে পুলিশের ওপর হামলা চালায় বলে দাবি করেন তিনি। এ ঘটনায় দুজনকে আটক করে আশুলিয়া থানার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবারও প্রত্যক্ষ প্রমাণের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।   ন্যূনতম মজুরি নিয়ে আন্দোলনের বিষয়ে এসপি বলেন, ন্যূনতম মজুরি বোর্ড কাজ করছে। তারা শিগ্‌গিরই প্রতিবেদন জমা দেবে এবং সরকার তা বাস্তবায়ন করবে। এ অবস্থায় আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে মনে করছে পুলিশ। তার মতে, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।

নভেম্বর ৩, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
কক্সবাজারে সাগরে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের মেরিনড্রাইভ সংলগ্ন হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।    বুধবার (২১ অক্টোবর) বিকেলে হিমছড়ি এলাকার মারিনা রিসোর্টের পাশের সৈকতে এ ঘটনা ঘটে।   বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।    তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। একজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তিনিও প্রাণ হারান। বাকি দুই পর্যটকের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।   তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে সংরক্ষণের পাশাপাশি পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

অক্টোবর ২১, ২০২৬ 0
সাঘাটা থানা। ফাইল ছবি
টিকটকে প্রেমে পড়ে সন্তান রেখে স্কুলছাত্রের সঙ্গে জীবন দিলো তাজমিন

টিকটকে পরিচয়, অল্পতেই ভালো লাগা, তারপর গভীর প্রেম। গাইবান্ধার সাঘাটায় এভাবেই একে অপরের কাছে এসে পড়েন আল আমিন মিয়া নামে অল্পবয়সী এক স্কুলছাত্র ও তাসলিমা আক্তার তাজমিন (২৫) নামে এক গৃহবধূ। কিন্তু, পরিবার সেই প্রেম মেনে না নেওয়ায় বিষপান করে একসঙ্গে জীবন দিলেন দুজন।    মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পূর্ব রাঘবপুর গ্রাম থেকে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে সাঘাটা থানা পুলিশ। নিহত আল আমিন মিয়া (১৫) ওই গ্রামের আজাদুল ইসলামের ছেলে।   একই ঘটনায় মারা যাওয়া তাসলিমা আক্তার তাজমিন (২৫) দক্ষিণ শ্যামপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং পদুমশহর জোরডোবা গ্রামের ফরহাদ মিয়ার স্ত্রী। তিনি এক সন্তানের মা ছিলেন।   এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, টিকটকের মাধ্যমে আল আমিন ও তাজমিনের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।    গত রোববার (১১ অক্টোবর) তাজমিনে বিয়ের দাবিতে আল আমিনের বাড়িতে উঠে বসেন। কিন্তু পরিবারের লোকজন এই সম্পর্ক মেনে নিতে রাজি হননি। এতে ক্ষুব্ধ ও হতাশ হয়ে সোমবার রাতে দুজনেই একসঙ্গে বিষপান করেন।   পরে স্বজনরা তাদের গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।   সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দারুল হুদা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

অক্টোবর ১৩, ২০২৬ 0
সুন্দরবনে ড্রোন উড়িয়েও সন্ধান মেলেনি অপহৃত ২১ জেলের

সুন্দরবনে তিনটি বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলেকে পাঁচ দিনেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আধুনিক ড্রোন উড়িয়ে অপহৃত জেলে ও বনদস্যুদের অবস্থান শনাক্তের চেষ্টা চালাচ্ছে কোস্টগার্ড। তবে, সন্ধান মিলছে না।  যার ফলে আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন সুন্দরবনসহ উপকূলে মাছ ধরা সাধারণ জেলেরা। উৎকণ্ঠায় রয়েছেন অপহৃতদের পরিবারের সদস্য ও মহাজনরা।  কোস্টগার্ড পশ্চিম জোন সূত্রে জানা গেছে, মুক্তিপণের দাবিতে তিনটি বনদস্যু বাহিনীর হাতে অপহৃত ২১ জেলেকে উদ্ধারে ইতিমধ্যেই অভিযান শুরু হয়েছে। সুন্দরবনের আকাশে আধুনিক ড্রোন উড়িয়ে অপহৃত এসব জেলে ও বনদ্যুদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।  গোয়েন্দা নেটওয়ার্ক বাড়ানোর পাশিাপাশি নৌপথেও চিরুনি অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড। পাশাপাশি মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের নিরাপত্তায় টহল জোরদারের কথা জানিয়েছে নৌপুলিশ ও সুন্দরবন বিভাগও। গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের নারকেলবাড়িয়া, আমরাড়িয়া, ভদ্রা এবং ভাঙ্গা এলাকা থেকে বনদস্যু মজনু, করিম শরীফ ও বড় জাহাঙ্গীর বাহিনীর সদ্যসরা অস্ত্রেও মুখে মাছ ধরা অবস্থায় ২১ জেলেকে অপহরণ করে গহীন অরণ্যে নিয়ে যায়।  এ সময় জেলেদের একটি ট্রলার, পাঁচটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামালও লুট করে দস্যুরা। সুন্দরবনে দুটি দিনে মুক্তিপণের দাবিতে অপহৃত এসব জেলেদের পরিবারের কোনও সদস্য বা তাদের মহাজনরা দস্যুদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। কোনোভাবে তা প্রকাশ পেলে সুন্দরবনসহ উপকূলে মাছ ধরাসহ তাদের জীবনের জন্য বড় ধরণের হুমকি আসতে পারে, এমন শঙ্কায় তারা মিডিয়ায় কথা বলতে নারাজ। শনিবার দিনগত রাতে সুন্দরবনের ভাঙ্গা, আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় মাছ ধরার সময় ১৫ জেলেকে তুলে নেয় দস্যুরা। এর আগে শুক্রবার দিনগত রাতে আরও ছয় জেলেকে অপহরণের অভিযোগ রয়েছে। সব মিলিয়ে দুই দিনে ২১ জেলে অপহৃত হওয়ার ঘটনায় জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় জানান, শনিবার দিনগত রাতে সাগরসংলগ্ন সুন্দরবনের ভাঙ্গা, আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় মাছ ধরছিলেন জেলেরা। এ সময় দস্যুরা বহরে হামলা চালিয়ে বিভিন্ন নৌকা থেকে একজন করে ১৫ জেলেকে একটি ট্রলারে নিয়ে যায়।  ফরেস্ট রেঞ্জার জানান, অপহৃত ১৫ জেলের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—খুলনার আরিফ (২৫), সগীর (৩৪), মিঠু (৩০) ও ফেরদাউস (২৮); বরগুনার পাথরঘাটা ও তালতলী এলাকার ইব্রাহিম (৩৫), ইমরান (২৫), মোস্তাফিজুর (৩৫), আলামিন (২৮), হানিফ (৩৮) ও মারুফ (৪৯)।  তিনি বলেন, এসব জেলে বন বিভাগের অনুমতিপত্র নিয়ে চরপাটা, পোকা জাল ও বড়শি দিয়ে সুন্দরবনের খালে মাছ ধরছিলেন। এদিকে, মোংলার এক জেলে মহাজন জানান, শনিবার দিনগত রাতে করিম-শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের ঝাপসি এলাকার ভদ্রা নদী থেকে দুই জেলেকে অপহরণ করে। তারা হলেন মোংলার উলুকাটা চিলা এলাকার মাসুদ ইজারদার (২৮) ও ইমদাদুল ইজারদার (৩০)। শরণখোলা এলাকার কয়েকজন জেলে মহাজন বলেন, দুই দিনে ২১ জেলে অপহরণের ঘটনায় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃতদের দ্রুত উদ্ধার এবং সুন্দরবনে দস্যু দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ দাবি করেছেন তারা। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানন, বুববার বিকাল পর্যন্ত অপহৃত ২১ জেলের এখন কোনও সন্ধান পাওয়া যায়নি। কোস্টগার্ডসহ নৌপুলিশ উদ্ধার অভিযান চলছে। সুন্দরবনে অবস্থানরত জেলেদের রাতে দলবদ্ধভাবে এবং সংশ্লিষ্ট বন অফিসের সামনে থাকতে বলা হয়েছে। এছাড়া সুন্দরবনের সকল স্টেশন ও টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বনরক্ষীদের জেলেদের নিরাপত্তায় টহল বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহাবুব হোসেন জানান, সরকারের নির্দেশনায় সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে কোস্টগার্ড। তারই আলোকে অপহৃত ২১ জেলে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।  দস্যুদের অবস্থান শনাক্তে আধুনিক ড্রোন ব্যবহার করা হচ্ছে। একইসঙ্গে গোয়েন্দা নেটওয়ার্ক বাড়ানো হয়েছে। পাশিাপাশি নৌপথেও চিরুনি অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে এসব জেলেদের উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছি।

অক্টোবর ৪, ২০২৬ 0
সাতক্ষীরায় ১৯ হাজার টন বোরো চাল সংগ্রহ

চল‌তি বছর বোরো চাল সংগ্রহ মৌসুমে সাতক্ষীরায় সরকারিভাবে ১৯ হাজার ৬৪৯ দশ‌মিক ৫৫০ টন সেদ্ধ চাল ক্রয় করা হয়েছে। প্রতি কে‌জি ৪৯ টাকা দরে যার মূল্য ৯৬ কো‌টি ২৮ লাখ ২৭ হাজার ৯৫০ টাকা।    সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। তবে গত মৌসুমের তুলনায় চল‌তি মৌসুমে চাল সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা প্রায় ৪০ শতাংশ বে‌শি বলে জানান সং‌শ্লিষ্টরা।   জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলায় ১০ হাজার ১৫৬ দশ‌মিক ৭০ টন, কলরোয়ায় ১ হাজার ২১৪ টন, দেবহাটায় ১ হাজার ২৭৩ টন, কা‌লিগ‌ঞ্জে ৬৭৫ টন, শ্যামনগরে ১৪২ টন, আশাশু‌নি ১৭৫ দশ‌মিক ৯৮০ টন এবং তালা উপজেলার জন্য ৬ হাজার ১৩ দশ‌মিক ৫৬০ টন বরাদ্য দেওয়া হয়েছে।    চল‌তি মৌসুমে বোরো চাল মোটা জাতের জন্য সরকারিভাবে মূল্যনির্ধারণ করা হয় কে‌জিপ্রতি ৪৯ টাকা। এ হিসাব অনুযায়ী ক্রয়কৃত ১৯ হাজার ৬৪৯ দশ‌মিক টন চালের মূল্য ৯৬ কো‌টি ২৮ লাখ ২৭ হাজার ৯৫০ টাকা।   সূত্রটি আরও জানায়, গত ১৫ মে থেকে চাল সংগ্রহ অভিযান শুরু হয়ে ১৫ অক্টোবর শতভাগ সংগ্রহ শেষ হ‌য়। অন্যদিকে গত বোরো মৌসুমে জেলায় ১১ হাজার ৯৫৩ টন চাল সংগ্রহ করা হয়। ৪৯ টাকা কে‌জি দরে যার মোট মূল্য ছিল ৫৮ কো‌টি ৫৬ লাখ টাকা। এ হিসাবে চল‌তি মৌসুমে ৭ হাজার ৬৯৬ দশ‌মিক ৫৫ টন প‌রিমাণ চাল ক্রয় বা সংগ্রহ বেড়েছে।   সাতক্ষীরা জেলা (ভারপ্রাপ্ত) খাদ্য নিয়ন্ত্রক মো. ওমর ফারুক জানান, সরকারের নির্দেশ অনুসরণ করে জেলার সাত‌টি উপজেলার ২৪৭টি নিব‌ন্ধিত মিল মা‌লিকদের থেকে সচ্ছতা বজায় রেখে চল‌তি মৌসুমে ১৯ হাজার ৬৪৯ দশ‌মিক ৫৫০ টন চাল ক্রয় হয়। এ সময় চালের গুণগত মান বা পু‌ষ্টি স‌ঠিকভাবে যাচাই করে নেয়া হয়। তাছাড়া জেলার সব গোডাউন কর্মকর্তাকে নির্দেশ দেয়া আছে, কেউ যেন অসৎ উপায়ে নিম্নমানের চাল সরকারি গুদামে না ঢোকাতে পারে।

অক্টোবর ৪, ২০২৬ 0
মুন্সিগঞ্জে খুন, নিউইয়র্কে আদালতে একজনের ১৫ বছরের সাজা
মুন্সিগঞ্জে খুন, নিউইয়র্কে আদালতে একজনের ১৫ বছরের সাজা

মুন্সিগঞ্জের একটি খুনের ঘটনায় যুক্তরাষ্ট্রে আদালতে একজনকে ১৫ বছরের সাজা দেয়া হয়েছে। খুনের ঘটনাটি পাঁচ বছর আগের। সাজাপ্রাপ্ত ব্যক্তি সম্পর্কে নিহতের ভাতিজা হন।   বৃহস্পতিবার (৭ মে) মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।   জানা যায়, নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার বাসিন্দা ৫৪ বছর বয়সী গ্যানেট রোজারিওকে ১৫ বছরের কারাদণ্ড দেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালত। নিহত এবং সাজাপ্রাপ্ত দুজনই মার্কিন নাগরিক।   ঢাকার মার্কিন দূতাবাসে নিযুক্ত এফবিআইয়ের লিগ্যাল অ্যাটাশে এবং বিচার বিভাগের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই মামলায় গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে। সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।   আদালতের নথি ও জবানবন্দিতে উল্লেখ করা হয়, গ্যানেট রোজারিও বাংলাদেশে তাঁর চাচা মাইকেল রোজারিওকে শটগান দিয়ে গুলি করে হত্যা করেন। মুন্সিগঞ্জে পারিবারিক বসতভিটা নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন বিরোধ ছিল। ২০২১ সালে বাংলাদেশে এসে তাঁরা দুজনই একটি বাড়িতে অবস্থান করছিলেন। সেখানে ঘটনাটি ঘটে।   জানা যায়, ২০২১ সালের ১১ জুন সন্ধ্যায় গ্যানেট নিজেদের ঘরের বাইরে চাচার শোবার ঘরের জানালার কাছে সিগারেট খাচ্ছিলেন। এ সময় তিনি ঘরের ভেতর থেকে চাচাকে তাঁকে নিয়ে গালমন্দ করতে শোনেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি জানালা দিয়ে মাইকেল রোজারিওকে গুলি করেন। ঘটনাস্থলেই তিনি নিহত হন। ২০২৩ সালের জুলাই মাসে গ্যানেট যুক্তরাষ্ট্রে ফিরে যান এবং ২০২৪ সালের এপ্রিলে তাঁর বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের অভিযোগ গঠন করা হয়।

মে ৯, ২০২৬ 0
পুলিশ কর্মকর্তার ঘুষ কেলেঙ্কারির অডিও ভাইরাল
পুলিশ কর্মকর্তার ঘুষ কেলেঙ্কারির অডিও ভাইরাল

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চোরাই পথে আনা ভারতীয় প্রসাধনী জব্দ ও দুই যুবক আটকের পর রফাদফার জন্য ঘুষ নিয়ে দর–কষাকষির অভিযোগে মো. আবু হানিফা নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ।   এদিকে ঘুষ নিয়ে দর–কষাকষিসংক্রান্ত দুটি অডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।   বুধবার (৬ মে) রাত ১০টার পর অডিও দুটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে রাত ১১টার দিকে জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অডিওটি নজরে আসার সঙ্গে সঙ্গে এসআই আবু হানিফাকে প্রত্যাহার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।   জানা গেছে, গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ একটি পিকআপ থেকে ১৮ বস্তা ভারতীয় প্রসাধনী জব্দ করে। জব্দ করা পণ্যের মধ্যে ছিল বডি স্প্রে, শ্যাম্পু ও অলিভ অয়েল। এ সময় পিকআপের চালক নাজিরপুরের শিংপুর গ্রামের নাছিম (২৩) ও তার সহকারী সেইচাহানি গ্রামের মনির হোসেনকে (২১) আটক করা হয়।   পরে এ ঘটনায় উপজেলার রাজনগর গ্রামের জসিম উদ্দিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করা হয়। জসিমকে চোরাই পণ্যের মূল হোতা হিসেবে উল্লেখ করেছে পুলিশ।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি অডিওতে এসআই আবু হানিফা ও জসিম উদ্দিনের কথোপকথন শোনা যায় বলে দাবি করা হচ্ছে। প্রথম অডিওটির দৈর্ঘ্য ৫ মিনিট ২৩ সেকেন্ড। এতে জসিমকে বলতে শোনা যায়, স্যার, আপনাকে ৮০ হাজার টাকা দেব। আপনি আমাকে মামলা দেবেন না। শুধু দুই বস্তা মাল আটক দেখাবেন। জবাবে এক ব্যক্তিকে (যাকে এসআই আবু হানিফা বলে দাবি করা হচ্ছে) বলতে শোনা যায়, না ভাই, যা বলছি তার কম হবে না। আপনি তিন লাখ টাকা দেন। কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি বলেন, এক লাখ টাকা দেব। ওসি স্যার কিন্তু বিপক্ষে যাবে না। ওসি স্যার বলছেন, যেহেতু আমাকে জানিয়ে আপনারা করেছেন, দারোগার সঙ্গে কথা বলেন।   রাত ১টা ৪১ মিনিটে রেকর্ড করা বলে দাবি করা দ্বিতীয় অডিওটির দৈর্ঘ্য ৩ মিনিট ১২ সেকেন্ড। এতে ওই পুলিশ কর্মকর্তা বলে দাবি করা ব্যক্তিকে বলতে শোনা যায়, আপনি যা করবেন, তাড়াতাড়ি করেন। আমি এখন ভবানীপুর ব্রিজ পার হচ্ছি- আপনার জন্য আমি ছাড় দিলাম, আড়াই লাখ টাকা নিয়ে আসেন। এর জবাবে জসিমকে বলতে শোনা যায়, আমি কষ্ট করে হলেও আপনাকে দুই লাখ টাকা দিচ্ছি। আমাকে একটু সময় দেন।   একপর্যায়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, দেইখেন, হোয়াটসঅ্যাপে কথা অন্য ফোনে রেকর্ড করা যায়, এটা করবেন না।   ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।   এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত এসআই আবু হানিফা ও জসিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়।   কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন গণমাধ্যমকে বলেন, বিষয়টি পুলিশ সুপার স্যার দেখছেন। এসআই আবু হানিফাকে প্রত্যাহার করা হয়েছে। চোরাই পণ্যের মালিক জসিম মিয়াকে আটকের চেষ্টা চলছে।   নিজের সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে আমি জড়িত নই।

মে ৭, ২০২৬ 0
আমির হামজাকে দেখে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান, অতঃপর...
আমির হামজাকে দেখে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান, অতঃপর...

কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা মুফতি আমির হামজা।    বৃহস্পতিবার (৭ মে) আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই দাবি করা হয়েছে।    পেজে অ্যাডমিনের দেওয়া পোস্টে লেখা হয়েছে, ‘কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালে সংসদ সদস্য মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতাকর্মী।’   কলেজ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে সরকারি কলেজ মাঠে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন আমির হামজা। এ সময় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরে টুর্নামেন্টের উদ্বোধনের জন্য মাঠে প্রবেশ করলে ওই শিক্ষার্থীরা সেখানে গিয়েও আমির হামজাকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন এবং তারা মাঠের মধ্যে বসে পড়েন। এই পরিস্থিতিতে কলেজের অধ্যক্ষ আমির হামজাকে নিয়ে তার কার্যালয়ে চলে যান।   শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়েও একইভাবে স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। খবর পেয়ে পুলিশ অধ্যক্ষের কার্যালয়ে যান। এ সময় এমপি আমির হামজা পুলিশের সঙ্গে বেরিয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।   এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে যান তিনি। এ সময় তিনি আমির হামজাকে অধ্যক্ষের সঙ্গে আলাপ করতে দেখেন। তবে আমির হামজাকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি অস্বীকার করেন ওসি।

মে ৭, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
মৌমাছির আক্রমণে জামায়াতের তিন নেতাকর্মী আহত

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মৌমাছির আকস্মিক আক্রমণে জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।  সোমবার (৪ মে) বিকেলে উপজেলার বজরা ইউনিয়নের বীরহিম গ্রামে এ ঘটনা ঘটে।  আহতরা হলেন—বজরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সামিউল ইসলাম (৩৫), ওলামা বিভাগের সভাপতি ফিরোজ হোসেন (৩৭) এবং কর্মী তোজাম্মেল মিয়া (৪৭)। তারা সবাই মধ্য বজরা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জামায়াতে ইসলামীর একটি কর্মসূচিতে যোগ দিতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ওই তিনজন। পথে বীরহিম গ্রামের রব্বানি মিয়ার বাড়ির সামনে পৌঁছালে হঠাৎ করে মৌমাছির একটি ঝাঁক তাদের ওপর আক্রমণ চালায়।  এতে তারা মোটরসাইকেল থামিয়ে দ্রুত পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। স্থানীয়রা আগুন জ্বালিয়ে মৌমাছি তাড়ানোর চেষ্টা করলেও ততক্ষণে তারা আহত হন। ঘটনার প্রত্যক্ষদর্শী নাজমুল ইসলাম বলেন, হঠাৎ করে মৌমাছির ঝাঁক এসে তাদের ওপর পড়ে। তারা দিশেহারা হয়ে পড়ে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের মধ্যে দুজনকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়া হয়। সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফারহানা বিনতে ফারুক জানান, আহতদের মধ্যে তোজাম্মেল মিয়াকে প্রায় ৪০টির মতো ভিমরুলে কামড় দিয়েছে, যা তাকে গুরুতর অবস্থায় ফেলেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে পাঠানো হয়েছে। অপর আহত সামিউল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ফিরোজ হোসেন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, মৌমাছি বা ভিমরুলের এমন আক্রমণ হঠাৎ ঘটলেও তা খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে, বিশেষ করে একসঙ্গে ঝাঁক বেঁধে আক্রমণ করলে।

মে ৫, ২০২৬ 0
দেশজুড়ে আবহাওয়ার বিশেষ সতর্কতা
দেশজুড়ে আবহাওয়ার বিশেষ সতর্কতা

রাজধানীসহ দেশের আটটি বিভাগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।   আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বুধবার (২৯ এপ্রিল) জানান, এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এতে জনজীবনে সাময়িক ভোগান্তি তৈরি হতে পারে।   তিনি আরও বলেন, দেশের নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত বহাল রাখা হয়েছে। পাশাপাশি মাছধরার ট্রলার ও নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।   আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার থেকে পাঁচ দিন দেশে বৃষ্টি, বজ্রপাত এবং কালবৈশাখী ঝড়ের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে ৫ মে’র পর থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।   এই পরিস্থিতিতে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার, বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলার এবং নৌযান চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এপ্রিল ৩০, ২০২৬ 0
টানা বৃষ্টিতে পানির নিচে কৃষকের স্বপ্ন
টানা বৃষ্টিতে পানির নিচে কৃষকের স্বপ্ন

টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর নদ-নদীর পানি বৃদ্ধিতে দেশের বিস্তীর্ণ কৃষি অঞ্চল এখন ভয়াবহ বিপর্যয়ের মুখে। যেখানে কিছুদিন আগেও সোনালি ধানের স্বপ্নে ভরেছিল কৃষকের মাঠ, সেখানে এখন থইথই করছে পানি। বছরের পর বছর ধারদেনা করে করা পরিশ্রম এক নিমিষেই ভেসে যাচ্ছে হাওড়-বাঁওড়ের পানিতে।   নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ উত্তর-পূর্বাঞ্চলের হাওড় অঞ্চল থেকে শুরু করে রংপুর ও দিনাজপুর পর্যন্ত বিভিন্ন জেলায় একযোগে দেখা দিয়েছে এই দুর্যোগ। কালবৈশাখী ঝড়ে বহু এলাকায় ঘরবাড়ি ও বিদ্যুৎ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। বজ্রপাত ও দেয়াল ধসে বিভিন্ন জেলায় প্রাণহানির ঘটনাও ঘটেছে।   আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশজুড়ে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। এতে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র ইতোমধ্যে কয়েকটি জেলায় বন্যার সতর্কতা জারি করেছে।   নেত্রকোনার হাওড়াঞ্চলে বৃষ্টির সঙ্গে উজানের ঢল মিলে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। অনেক জায়গায় পাকা ধান পানিতে তলিয়ে গেছে, আবার যেসব ধান কাটা হয়েছে সেগুলোও শুকানোর সুযোগ না থাকায় নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। স্থানীয় কৃষকরা বলছেন, কয়েক দিনের ব্যবধানেই তাদের সারা বছরের স্বপ্ন শেষ হয়ে গেছে।   একই চিত্র হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জেও। অনেক কৃষক শ্রমিক সংকট ও টানা বৃষ্টির কারণে ধান কাটতে না পেরে অসহায় অবস্থায় পড়েছেন। কোথাও কোথাও শ্রমিক পাওয়া গেলেও অতিরিক্ত খরচ ও আবহাওয়ার কারণে ধান ঘরে তোলা কঠিন হয়ে পড়েছে।   হাওড়ের ফসল রক্ষা বাঁধ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। বিভিন্ন এলাকায় বাঁধ দুর্বল হয়ে পড়ায় স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে তা রক্ষার চেষ্টা করছেন। প্রশাসন বলছে, ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জরুরি পরিস্থিতিতে জিও ব্যাগ ফেলার প্রস্তুতি রাখা হয়েছে।   অন্যদিকে নদীভাঙন ও পানির চাপের কারণে নৌরুটে ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে। একাধিক এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ের প্রভাবে।   কৃষি কর্মকর্তারা বলছেন, হাজার হাজার হেক্টর জমির ধান ইতোমধ্যে পানিতে ডুবে গেছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে এবার কৃষিখাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে মাঠপর্যায়ে দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে, যদিও বাস্তবতা ভিন্ন—বৃষ্টি, পানি আর শ্রমিক সংকটে অনেক কৃষকই অসহায় হয়ে পড়েছেন।   সব মিলিয়ে দেশের কৃষক সমাজ এখন এক ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে—যেখানে মাঠে শুধু পানি, আর মানুষের চোখে ভেসে বেড়াচ্ছে হারানো স্বপ্ন।

এপ্রিল ৩০, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ!

রাজশাহীর চারঘাটে স্বামীকে পিটিয়ে আহত করে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই দম্পতি ট্রেনে ও স্টেশনে পপকর্ন বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনগত রাতে উপজেলার শলুয়া ইউনিয়নের সরদহ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।   এ ঘটনায় ভিকটিমের স্বামী বুধবার দুপুরে অভিযুক্ত আশরাফুল ইসলামকে (৩৫) আসামি করে থানায় মামলা করেছেন। অভিযুক্ত আশরাফুল উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকেই তিনি পলাতক আছেন। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ওই দম্পতি প্রতিদিনের মতোই মঙ্গলবার বিকালে ট্রেনে পপকর্ন বিক্রির উদ্দেশে বাড়ি থেকে বের হন। দিনভর বিভিন্ন স্টেশনে পপকর্ন বিক্রির পর তারা রাত ১টার দিকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেন থেকে সরদহ স্টেশনে নামেন। পরে স্টেশনসংলগ্ন একটি চায়ের দোকানে বসে তারা বিস্কুট খাচ্ছিলেন।  এ সময় হঠাৎ এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারী প্রথমে স্বামীকে এলোপাতাড়ি লাঠিপেটা করে গুরুতর আহত করে তার কাছ থাকা পপকর্ন বিক্রির টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে হামলাকারীরা তাকে আহত করে বেঁধে রেখে তার স্ত্রীকে স্টেশনের পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগী স্বামী বলেন, হামলার সময় তিনি চিৎকার করলেও আশপাশে কেউ এগিয়ে আসেনি। প্রায় ৪৫ মিনিট পর স্থানীয় কয়েকজন তার চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তিনি ঘটনাস্থলের পাশের জঙ্গল থেকে তার স্ত্রীকে উদ্ধার করেন। এ সময় স্থানীয়দের কাছ থেকে তিনি অভিযুক্তের নাম-পরিচয় জানতে পারেন।  সরদহ স্টেশন মাস্টার ইকবাল কবির বলেন, গভীর রাতে স্টেশনের পাশে ঘটনাটি ঘটলেও তাৎক্ষণিকভাবে বিষয়টি তাদের নজরে আসেনি। পরে খবর পেয়ে পুলিশকে জানানো হয়। জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে। চারঘাট থানার ওসি আব্দুল মালেক বলেন, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এছাড়া ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। 

এপ্রিল ২৯, ২০২৬ 0
এসএসসি পরীক্ষা চলাকালে ফ্যান খুলে পড়ে এসএসসি পরীক্ষার্থী আহত
এসএসসি পরীক্ষা চলাকালে ফ্যান খুলে পড়ে এসএসসি পরীক্ষার্থী আহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালীন একটি কেন্দ্রের কক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে এক পরীক্ষার্থী আহত হয়েছে।   রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মদন মোহন বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী নিয়ামুল হাসান দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র।   প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা চলার সময় হঠাৎ করে কক্ষের একটি সিলিং ফ্যান খুলে পরীক্ষার্থীর ওপর পড়ে যায়। এতে সে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পায়। ঘটনাটির পরপরই কক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরীক্ষা কার্যক্রম ব্যাহত হয়। পরে দ্রুত মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তার শারীরিক অবস্থার উন্নতি হলে সে পুনরায় পরীক্ষায় অংশ নেয়। চিকিৎসাজনিত কারণে অতিরিক্ত ৩০ মিনিট সময়ও তাকে দেওয়া হয়।   স্থানীয়দের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও বৈদ্যুতিক সরঞ্জামের জরুরি সংস্কার না হলে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে।   বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম। তিনি জানান, শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের উপস্থিতিতে ঘটনাটি পর্যালোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন্দ্রের কিছু কক্ষের বৈদ্যুতিক সরঞ্জাম পুরোনো ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এপ্রিল ২৭, ২০২৬ 0
গরমে হাঁসফাঁস করছে মানুষ, লাগামহীন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
গরমে হাঁসফাঁস করছে মানুষ, লাগামহীন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

তীব্র গরম আর অসহনীয় লোডশেডিংয়ে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের প্রখর রোদ আর রাতের গরম—দুই সময়েই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় মানুষ হাঁসফাঁস করছে। শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে। এমনকি ছুটির দিনেও পরিস্থিতির উন্নতি হয়নি—শনিবার দুপুরেই প্রায় ২ হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা গেছে। অথচ সংশ্লিষ্টদের মতে, এই সংকটের পেছনে বড় কারণ হিসেবে উঠে আসছে ব্যবস্থাপনার দুর্বলতা ও বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব।   বিদ্যুৎ খাতের ভেতরের চিত্র আরও জটিল। বিপুল পরিমাণ বকেয়া—প্রায় ৪২ হাজার কোটি টাকার দায়—পরিশোধ করতে না পারায় অনেক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি কিনতে পারছে না। অন্যদিকে ভর্তুকির অর্থ ছাড়ের ক্ষেত্রে নতুন নতুন শর্ত আরোপ করে অর্থ বিভাগ জটিলতা বাড়িয়েছে। ফলে বিদ্যুৎ বিভাগ ও অর্থ বিভাগের মধ্যে এক ধরনের অঘোষিত টানাপোড়েন তৈরি হয়েছে, যার প্রভাব সরাসরি পড়ছে সাধারণ মানুষের ওপর।   বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে সাময়িক স্বস্তি দিতে পারে বৃষ্টি, কারণ এই তীব্র গরমে বিদ্যুতের চাহিদা যেভাবে বেড়েছে, সে তুলনায় প্রস্তুতি ছিল অপর্যাপ্ত। অনেক আগেই সম্ভাব্য সংকটের সতর্কবার্তা দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।   তথ্য বলছে, দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা কাগজে-কলমে প্রায় ২৮ হাজার মেগাওয়াট হলেও বাস্তবে তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। শনিবার দুপুরে যেখানে চাহিদা ছিল প্রায় ১৪ হাজার ৫৭৪ মেগাওয়াট, সেখানে সরবরাহ করা গেছে মাত্র ১২ হাজার ২৮৭ মেগাওয়াট। ফলে বড় ধরনের ঘাটতি থেকেই যাচ্ছে। ভারত থেকে বিদ্যুৎ আমদানি কমে যাওয়া এবং কিছু কেন্দ্রের উৎপাদন বন্ধ থাকাও সংকট বাড়িয়েছে।   গ্যাস সরবরাহের ঘাটতিও বড় একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোর সক্ষমতা থাকলেও পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় উৎপাদন অনেক কমে গেছে। একইভাবে কয়লাভিত্তিক কেন্দ্রগুলোতেও জ্বালানি সংকট ও আর্থিক জটিলতায় উৎপাদন ব্যাহত হচ্ছে। কিছু কেন্দ্র আংশিক সক্ষমতায় চলছে, আবার কিছু ক্ষেত্রে বকেয়া বিল ও সরবরাহ সমস্যায় উৎপাদন পুরোপুরি স্বাভাবিক করা যাচ্ছে না।   এদিকে বিদ্যুৎ খাতে ভর্তুকি নিয়ে জটিলতা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। অর্থ বিভাগ নির্দিষ্ট শর্ত পূরণের আগে অতিরিক্ত অর্থ ছাড় দিতে অনাগ্রহী, অন্যদিকে বিদ্যুৎ বিভাগ বলছে বকেয়া পরিশোধ না করলে উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব নয়। এই অবস্থায় দুই পক্ষের মধ্যে চিঠি চালাচালি চললেও ভোগান্তি কমছে না মানুষের।   সব মিলিয়ে বাড়তি চাহিদা, জ্বালানি ঘাটতি, আর্থিক সংকট ও প্রশাসনিক সমন্বয়হীনতার সমন্বয়ে দেশের বিদ্যুৎ পরিস্থিতি চাপে রয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সামনে এই সংকট আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এপ্রিল ২৬, ২০২৬ 0
বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার
বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত দেলোয়ার হোসেন কুতুবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে কর্মরত।   ঘটনার পর তাকে গ্রেপ্তার করে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে সোনাইমুড়ী উপজেলার পশ্চিম মির্জানগর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।   এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী গত ২০ এপ্রিল আদালতে দুইজন শিক্ষকসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অপর আসামি শংকর চন্দ্র মজুমদার (৪৮), যিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এছাড়া আরও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।   পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও অন্য আসামিরা এখনো পলাতক রয়েছে। তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান।

এপ্রিল ২৬, ২০২৬ 0
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি মেরামত কাজের কারণে সুনামগঞ্জের দিরাই উপজেলায় শনিবার (২৫ এপ্রিল) ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে সিলেট নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকাতেও নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।   বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দিরাই উপজেলার আবাসিক প্রকৌশলীর কার্যালয় থেকে জানানো হয়, ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।   তবে কাজ আগেই শেষ হলে সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।   অন্যদিকে, সিলেট নগরীতেও একই দিনে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ–২ জানায়, পাঠানটুলা ১১ ফিডার এবং বিমানবন্দর ১১ ফিডারের আওতাধীন একাধিক এলাকায় লাইনের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ চলবে।   এই সময় পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেট ও আশপাশের এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে। একইভাবে লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আলমদিনা টাওয়ার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা ও লেকসিটি এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।   কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে বলে জানানো হয়েছে। সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে।

এপ্রিল ২৫, ২০২৬ 0
ভারতীয় সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করল বিএসএফ
ভারতীয় সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করল বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন বাংলাদেশিকে আটক করেছে।   রোববার (১৯ এপ্রিল) দুপুরে যাদবপুর সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।   আটকরা হলেন— কানাইডাঙ্গা গ্রামের হায়াত আলীর ছেলে হৃদয় (১৫), পার-গোপালপুরের বাক্কা হোসেনের ছেলে সোহাগ হোসেন (২৭) এবং একই গ্রামের গনি মন্ডলের ছেলে শাহিন (২২)।   বিজিবির তথ্য অনুযায়ী, তারা ভারত থেকে মাদক নিয়ে দেশে ফেরার সময় বিএসএফের হাতে ধরা পড়ে। আগের দিন অবৈধ পথে ভারতে প্রবেশ করে মাদক সংগ্রহ করে ফেরার পথে সীমান্ত পিলার ৪৯/২-এস এর প্রায় ১০০ মিটার ভেতরে ভারতের অংশে টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে।   বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে বিএসএফ জানিয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।   এদিকে মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তিন বাংলাদেশিকে আটক করেছে বলে তারা জানতে পেরেছেন।

এপ্রিল ২০, ২০২৬ 0
বজ্রপাতে ছয় জেলায় ১২ জনের মৃত্যু
বজ্রপাতে ছয় জেলায় ১২ জনের মৃত্যু

ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।    সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জে। জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার বিভিন্ন হাওরে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়। এ ছাড়াও রংপুরে দুইজন, ময়মনসিংহে দুইজন, নেত্রকোণায় একজন ও হবিগঞ্জে একজন ও কিশোরগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো খবর—   সুনামগঞ্জ সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার পৃথক হাওরে এ ঘটনা ঘটে।   নিহতরা হলেন- তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫), জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন (২৬), ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (২৪) ও রহমত উল্লাহ (১৩) এবং দিরাই উপজেলার লিটন মিয়া (৩৮)।   স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কৃষকরা হাওরে ধান কাটছিলেন। এ সময় হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত শুরু হয়। একই সঙ্গে শুরু হয় বজ্রপাত। তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে বজ্রপাত ঘটলে আবুল কালাম নামে এক কৃষক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।    একই সময়ে জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে নাজমুল হোসেন নামে এক কৃষক নিহত হন। তিনি চানপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী।   ধর্মপাশা উপজেলায় পৃথক দুটি ঘটনায় হাবিবুর রহমান ও রহমত উল্লাহ নামে দুই কৃষক নিহত হন। হাবিবুর রহমান পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের বাসিন্দা এবং বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রহমত উল্লাহ জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের বাসিন্দা।   এছাড়াও দিরাই উপজেলার কালিয়াগোটা (আতরার) হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষক লিটন মিয়া গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।    রংপুর রংপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।  শনিবার সকালে মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সখিপুর গ্রামে এ ঘটনা ঘটে।    নিহতরা হলেন- ওই এলাকার মৎসজীবী মিলন মিয়া (৩৫) ও কৃষক তালেব উদ্দিন (৪৫)।   স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন জানান, সকালে ওই এলাকায় বৃষ্টি হয়। এ সময় ওই এলাকার ছোট শালমারা বিলে মাছ ধরছিলেন মৎসজীবীরা। তা দেখতে সেখানে ভিড় করেন স্থানীয় শিশুসহ ১৫-২০ জন।  একজন আরেকটি পুকুরে পানা তোলার কাজ করছিলেন। এর মধ্যে বৃষ্টির সময় বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তিন শিশুসহ অন্তত ১১ জন আহত হন। তাদেরকে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মৎসজীবী মিলন মিয়া ও কৃষক তালেব উদ্দিন। কৃষক তালেব ঘটনার সময় আরেকটি পুকুরে পানা তোলার কাজ করছিলেন।    মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মিজানুর রহমান জানান, হাসপাতালে যখন আনা হয় তখনই আমরা দুইজনকে মৃত অবস্থায় পাই।    ময়মনসিংহ ময়মনসিংহের দুই উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে জেলার গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় এ ঘটনা ঘটে।   নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার কোনাপাড়া গ্রামের ওলি মিয়ার ছেলে রহমত আলী উজ্জল (৩০) এবং গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের মৃত সেকান্দর আলী খানের ছেলে মমতাজ আলী খান (৫৮)।   স্থানীয় সূত্রে জানা যায়, রহমত আলী উজ্জল পেশায় একজন মুদি দোকানি ছিলেন। দুপুরে বজ্রপাতের সময় তিনি বোন জামাইয়ের ধানক্ষেত দেখতে পূর্ব কোনাপাড়া গ্রামে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।   গৌরীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।   অন্যদিকে গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের বাসিন্দা মমতাজ আলী খান জোহরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   গফরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, বজ্রপাতে মমতাজ আলী খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।   নেত্রকোণা নেত্রকোণার আটপাড়া উপজেলায় হাওড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামের এক কৃষকের মৃত্যু। শনিবার দুপুরে উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের সামনের মেষির হাওড়ে এ দুর্ঘটনা ঘটে। আলতু মিয়া হাতিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।   স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে গ্রামের সামনের মেষি হাওড়ে গরুর জন্য ঘাস কাটতে যান আলু মিয়া। এর কিছুক্ষণ পর আকাশ অন্ধকার করে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। বজ্রপাত ও বৃষ্টি শেষ পর স্থানীয় বাসিন্দারা হাওরে গিয়ে আলতু মিয়ার নিহর দেহ পরে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসেন।   আটপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, মরদেহের সুরতাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।   হবিগঞ্জ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জমিতে ধান কাটার সময় বজ্রপাতে সুনাম উদ্দিন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভাকৈর পূর্ব ইউনিয়নের মমিনা হাওরে এ ঘটনা ঘটে। নিহত সুনাম উদ্দিন একই ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা।   পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বর্গা নেওয়া বোরো জমিতে ছেলে নুরুজ্জামান মিয়াকে (২৫) নিয়ে ধান কাটছিলেন সুনাম উদ্দিন। কাটা ধান ছেলেকে দিয়ে বাড়ি পাঠাচ্ছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশের শ্রমিকরা তাকে উদ্ধার করে বাড়িতে খবর দেন।    ভাকৈর পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জুয়েল মিয়া বলেন, সুনাম উদ্দিন চার ছেলেকে নিয়ে বর্গা জমিতে চাষ করতেন। সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলার সময় তার মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।   কিশোরগঞ্জ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বজ্রপাতে হলুদ মিয়া (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।   নিহত হলুদ মিয়া উপজেলার ৯ নম্বর জয়কা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কলাবাগ গ্রামের বাসিন্দা। তিনি নুরুল ইসলামের ছেলে।   স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বড় হাওরে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে গুরুতর আহত হন হলুদ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তার মৃত্যু হয়।   করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির বলেন, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এপ্রিল ১৯, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার আগমুহূর্তে উপস্থিত প্রথম স্ত্রী, অতঃপর...

গোপনে দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার আগমুহূর্তে প্রথম স্ত্রী ও তার লোকজন বরের বাড়িতে উপস্থিত হলে দুপক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে অন্তত ৪-৫ জন আহত হন।  শনিবার (১৮ এপ্রিল) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামে এ ঘটনা ঘটে।   জানা গেছে, ২০২৪ সালের ১৪ আগস্ট চরমথুরা গ্রামের রফিকুল ইসলাম গাজীর ছেলে মহিম উদ্দিন রুবেলের সঙ্গে দক্ষিণ চরবড়ালি গ্রামের আবদুস ছোবহানের মেয়ে রিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর রুবেল প্রবাসে চলে যান। কয়েক মাস পূর্বে তিনি দেশে ফিরে আসেন এবং একপর্যায়ে স্ত্রী রিমা আক্তারের শারীরিক অক্ষমতার কথা উল্লেখ করে গত ৩ মার্চ নোটারি পাবলিকের মাধ্যমে তাকে তালাক দেন।  এরপর শনিবার (১৮ এপ্রিল) রুবেলের পুনরায় বিয়ের দিন ধার্য করে তার পরিবার। এ সংবাদ পেয়ে রুবেলের আগের স্ত্রী রিমা আক্তার ও তার পরিবারের সদস্যরা রুবেলের বাড়িতে উপস্থিত হলে দুপক্ষের মধ্যে ঝগড়ার একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত ৪-৫ জন আহত হন।  রিমা আক্তার বলেন, রুবেল দেশে ফিরে আমাকে তাদের বাড়ি নিয়ে আসে। গত তিন মাস পূর্বে আমাকে বাবার বাড়িতে রেখে এসে আর খোঁজখবর নেয়নি। শুনেছি তিনি আমাকে কোর্টের মাধ্যমে তালাক দিয়েছেন, যা সঠিক নয়। আজ শনিবার তিনি আমাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করার জন্য প্রস্তুতি নেয়। এরপর আমি ও আমার পরিবারেরর সদস্যরা এলে তারা আমাদের ওপর হামলা করে। এ সময় আমাদের বেশ কয়েকজনকে বেধড়ক পিটিয়ে আহত করে।  মহিম উদ্দিন রুবেল বলেন, রিমা শারীরিকভাবে অক্ষম। তাই আমি গত ৩ মার্চ নোটারি পাবলিকের মাধ্যমে তাকে তালাক দিয়েছি। আজকে পুনরায় বিয়ে করতে রওনা হওয়ার আগমুহূর্তে তারা আমাদের বাড়িতে এসে হামলা করে। এতে আমাদের কয়েকজন সদস্য আহত হন। এদিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্ত থাকার জন্য অনুরোধ করেন।   

এপ্রিল ১৮, ২০২৬ 0
মো. ইমরান হাসান। ছবি: সংগৃহীত
আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে এএসআইকে গণপিটুনি

ফরিদপুরের সালথায় এক আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে গণপিটুনির শিকার হয়েছেন মো. ইমরান হাসান (৪০) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)।  শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বলিভদ্রদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।  গভীর রাতে আসামির স্ত্রীর ঘর থেকে হাতেনাতে আটকের পর উত্তেজিত এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। আহত এএসআই ইমরান সালথা থানায় কর্মরত এবং ওই ইউনিয়নের সহকারী বিট কর্মকর্তা হিসেবে দায়িত্বরত আছেন।  এ ঘটনার ১ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে ওই পুলিশ কর্মকর্তা দাবি করেন, তিনি আসামি ধরতে সেখানে গিয়েছিলেন। আর মাদক মামলার আসামির পরিবার ও স্থানীয়দের দাবি এটি পরকীয়ার ঘটনা। ওই ভিডিওতে দেখা যায়, এএসআই ইমরানের গায়ে পুলিশের পোশাক নেই। তিনি প্যান্ট ও টি-শার্ট পরা। তার মাথা কাপড় দিয়ে বাঁধা। মুখে রক্ত মাখা। গভীর রাতে নারীর ঘরে একা ঢুকে পরকীয়ার অভিযোগ তুলে কোনো এক ব্যক্তি তার গায়ে আঘাত করছেন।  তখন ইমরানকে বলতে শোনা যায়, তুই আমার ভাই না, মারিস কেন? পরে ইমরানের পকেট থেকে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর প্যাকেট পাওয়া যায় বলে দাবি করেন ভিডিও ধারণকারী ওই ব্যক্তি। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বলিভদ্রদিয়া এলাকার মো. মেহেদী হাসান (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে সালথা ও পার্শ্ববর্তী বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। মামলার সুবাদে ইমরান হাসান আসামি মেহেদী হাসানের বাড়িতে ঘনঘন যাওয়া-আসা করতেন। যার পরিপ্রেক্ষিতে মেহেদীর স্ত্রীর সঙ্গে ইমরানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে আসামি মেহেদী হাসানের বসতঘরে ঢুকে তার স্ত্রীর সঙ্গে একা দেখা করতে গেলে এলাকার লোকজনের হাতে ধরা পড়ে মারধরের শিকার হন। খবর পেয়ে সালথা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ইমরান হাসানকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।  এ বিষয়ে এএসআই ইমরান হাসানের দাবি, তিনি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে সেখানে গিয়েছিলেন। তবে সাদা পোশাকে রাত ৩টার সময় আসামিকে একা ধরতে যাওয়ার ব্যাখ্যা দিতে তিনি রাজি হননি। আসামি মেহেদী হাসান বলেন, আমি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ব্যবসায়িক কাজে আমি মাঝে মাঝে বাইরে থাকি। এ সুযোগে আমাদের ইউনিয়নে পুলিশের বিট অফিসার হিসেবে দায়িত্বে থাকা এএসআই ইমরান মাঝে মাঝে আমার বাড়িতে এসে আমার স্ত্রীকে কু-প্রস্তাব দেয়।  একপর্যায় আমি আমার স্ত্রীর সঙ্গে এএসআই ইমরানের কুরুচিপূর্ণ কথোপকথনের অডিও রেকর্ড ও ভিডিও ফুটেজ সংগ্রহ করি। এর মধ্যে শুক্রবার গভীর রাতে ইমরান আমাদের ঘরে ঢুকলে এলাকাবাসী হাতেনাতে ইমরানকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।  এ বিষয়ে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, মাদক মামলার আসামি ধরতে গেলে মাদক ব্যবসায়ী মেহেদীর পরিবার তাকে আটক করে মারধর করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  গভীর রাতে একা কেন মাদকের আসামি ধরতে গেলেন? এ প্রশ্নের উত্তরে ওসি বলেন, রাতের আঁধারে একা এবং পুলিশের পোশাক ছাড়া আসামির বাড়িতে কেন গিয়েছিলেন- বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

এপ্রিল ১৯, ২০২৬ 0
রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

নিজ নামে ইস্যুকৃত রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন সম্রাট বিশ্বাস নামে খুলনা রেলওয়ের এক পুলিশ কনস্টেবল। পরিবারের দাবি- দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেছেন তিনি।  শনিবার (১৮ এপ্রিল) ভোরে খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে অস্ত্রাগারে দায়িত্বরত অবস্থায় সম্রাট নিজের ইস্যুকৃত রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।  সম্রাট বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে। বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা থেকে আইনানুগ প্রক্রিয়া শেষে সম্রাটের মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে আশপাশের এলাকা।  পরিবার সূত্রে জানা গেছে, দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সম্রাট সবার ছোট। বড় বোন প্রাইমারি স্কুলের শিক্ষিকা ও ছোট বোন মাস্টার্সে অধ্যায়নরত। ২০১৮ সালে পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পান সম্রাট। চাকরিরত অবস্থায় প্রেমে জড়িয়ে পড়েন সাতক্ষীরা জেলা পুলিশে কর্মরত নারী কনস্টেবল পুঁজা দাশের সঙ্গে। ছয় মাস আগে পরিবারের সম্মতিতে রেজিস্ট্রি করে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।  সামনের মাসে বিয়ের আনুষ্ঠানিকতার কথা ছিল তাদের। কয়েকদিন ধরে দাম্পত্য কলহ চলছিল সম্রাট ও তার স্ত্রীর মধ্যে। গতরাতে স্ত্রীর সঙ্গে রাগারাগি হয় সম্রাটের। মানসিকভাবে হতাশাগ্রস্থ ছিলেন তিনি। এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।  সম্রাটের মামা সত্যজিৎ রায় বলেন, আমরা খবর পেয়ে খুলনা গিয়ে আমার ভাগ্নের মরদেহ হাসপাতালে পড়ে থাকতে দেখি। ৬ মাস আগে আমাদের সে জানায় সাতক্ষীরা পুলিশে চাকরি করে এক মেয়েকে সে ভালোবাসে এবং বিয়ে করতে চায়। পরিবারের একমাত্র ছেলে বলে আমরা আর কিছু না ভেবে দুই পরিবার থেকে রেজিস্ট্রি করে বিয়ে দেই। বিয়ের পর থেকে পরিবারে সে এক টাকাও দিত না। সব বউ নিয়ে যেত।  তিনি আরও বলেন, ওর সহকর্মীদের কাছ থেকে জানতে পারি প্রতিদিনই ওদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। গতরাতে ফোনে দুজনের মধ্যে রাগারাগি হয়। এরপরই এ ঘটনা ঘটিয়েছে।  সম্রাটের দুলাভাই বিপ্লব কুমার সেন বলেন, আমার শালাবাবু মা-বাবার সঙ্গে কোনো ঝামেলা ছিল না। পরিবারের একমাত্র ছেলে বলে যা বলতো পরিবার তাই মেনে নিত। ওই মেয়েকে বিয়ে করতে চেয়েছে পরিবার তাই মেনে নিয়েছে। স্ত্রীর সঙ্গে বেশ কিছুদিন যাবৎ ওর ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এর কারণেই ও আত্মহত্যা করেছে। এছাড়া আমরা আর কোনো কারণ খুঁজে পাই না। ওর সহকর্মীরাও বলেছে গতরাতে ওদের মধ্যে ঝগড়া হয়েছিল। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর বিচার চাই।  খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান সাংবাদিকদের বলেন, সম্রাট বিশ্বাস আজ ভোরে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালন করছিলেন। আনুমানিক ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি।  

এপ্রিল ১৮, ২০২৬ 0
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

Top week

জাতীয়

নতুন পে-স্কেলের মধ্যেই প্রাইমারির প্রধান শিক্ষকদের বেতন বাড়াল সরকার

অক্টোবর ৭, ২০২৬ 0