মক্কা প্রতিরক্ষা জোটের পর এবার নতুন আরও এক জোট তৈরি করেছেন তুরস্ক ও পাকিস্তান। নতুন জোটে তাদের সঙ্গী হয়েছে কাতার ও ইন্দোনেশিয়া। নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও একে-অপরকে প্রতিরক্ষা খাতে সহায়তার লক্ষ্যে এক চুক্তিতে আবদ্ধ হয়েছে এই চার দেশ, যাকে বলা হচ্ছে বদর সমঝোতা স্মারক বা চুক্তি। বুধবার (২১ অক্টোবর) নতুন এই চুক্তির তথ্য প্রকাশ করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের বিবৃতি অনুযায়ী, কাতারের রাজধানী দোহায় নিজেদের মধ্যে প্রতিরক্ষাবিষয়ক সহযোগিতা ও উন্নয়ন সম্পর্ক গভীর করার জন্য বদর সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে কাতার, ইন্দোনেশিয়া, তুরস্ক ও পাকিস্তান। এই চুক্তির ব্যাপক অর্থনৈতিক গুরুত্ব রয়েছে উল্লেখ করে তার্কিস মন্ত্রণালয় আরও বলেছে, চুক্তির লক্ষ্য হলো সামরিক উৎপাদন বৃদ্ধি করা, সামরিক সক্ষমতা বৃদ্ধি করা এবং প্রযুক্তিগত সামরিক প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়নে সহায়তা করা। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, নতুন এই চুক্তি জোটবদ্ধ প্রত্যেক দেশের আলাদা সামরিক সক্ষমতাকে কাজে লাগিয়ে একে-অপরের সহায়তায় ব্যাপক ভূমিকা রাখবে। দোহায় আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তুরস্কের প্রতিনিধিত্ব করেন দেশটির জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের। এ ছাড়া কাতারের প্রতিরক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী শেখ সউদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানি, ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এসজাফরি এসজামসুদ্দিন এবং পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ নিজ নিজ দেশের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন। তুরস্কের ‘প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজ’-এর সমন্বয়ে এই সহযোগিতা কার্যক্রম পরিচালিত হবে। এর আওতায় দেশগুলোর সহযোগিতা শুধু সামরিক প্ল্যাটফর্ম ও সরঞ্জাম সরবরাহের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং যৌথ সমরাস্ত্র উৎপাদন প্রকল্প গ্রহণ, সরবরাহব্যবস্থা একীভূত করা এবং প্রতিরক্ষা প্রযুক্তি ও তথ্য বিনিময় বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্ক একমাত্র ন্যাটোভুক্ত দেশ। ন্যাটো জোটে তাদের দ্বিতীয় সর্বোচ্চ সেনা আছে। তুরস্ক উপসাগরীয় আরব দেশগুলোকে সামরিকভাবে আগে থেকেই সহায়তা করে আসছে। এর মধ্যে কাতারে তাদের সেনাঘাঁটিরও অবস্থান রয়েছে। এর আগে, গত আগস্টে সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে একটি সামরিক চুক্তি করেছিল তুরস্ক। যা মক্কা চুক্তি নামে পরিচিত। এ চুক্তিতে বলা আছে কোনো দেশ সশস্ত্র হামলার শিকার হলে অন্য দেশগুলো নিজেদের সক্ষমতা নিয়ে আক্রান্ত দেশকে সহায়তায় এগিয়ে আসবে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে চরম হেনস্তার শিকার হয়েছেন বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরের লবি দিয়ে যাওয়ার সময় তাকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে কটূক্তি ও চিৎকার-চেঁচামেচি করেছেন একদল বাংলাদেশি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ মিশনকে নির্দেশ দিয়েছে সরকার। স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে ড. ইউনূসকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে হেনস্তার এ ঘটনা ঘটে। ঘটনার বিভিন্ন ভিডিও ইতোমধ্যে ভাইরালও হয়ে গেছে। ভাইরাল ভিডিওগুলোতে দেখা যায়, সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হুইলচেয়ারে অবস্থানকালে কয়েকজন বাংলাদেশি হঠাৎ ড. ইউনূসের কাছে এগিয়ে গিয়ে উচ্চস্বরে চিৎকার করা শুরু করে। এ সময় তাকে কটূক্তির পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন প্রশ্নও করতে দেখা যায় ওই লোকগুলোকে। কিন্তু, ড. ইউনূস কোনও জবাব না দিয়ে হুইলচেয়ারে সেখান থেকে কোনোরকমে কেটে পড়ার চেষ্টা করেন। এসময় বিগত অন্তর্বর্তী সরকারপ্রধানকে ‘ইউ টেরোরিস্ট’ বলে বারবার কটাক্ষ করেন সেই বাংলাদেশিরা। একপর্যায়ে ড. ইউনূসের সঙ্গীরা পরিস্থিতি বিবেচনা করে তাকে দ্রুত সুরক্ষিত অবস্থায় বিমানবন্দরের ভেতরে নিয়ে যান। এদিকে, নিউ ইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ওপর বিদেশের মাটিতে সংঘটিত এই হেনস্তার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন একদল দুর্বৃত্ত জড়িত ছিল বলে প্রতীয়মান হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ মিশনকে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার নির্দেশ দিয়েছে। এর আগে, ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময় ড. ইউনূসের আগমনকে কেন্দ্র করে জেএফকে বিমানবন্দরে বিক্ষোভ করেছিল সেখানকার আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা। সে সময় তার সফরসঙ্গী কয়েকজন রাজনৈতিক নেতাও হেনস্তার শিকার হয়েছিলেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।
ভারতের উত্তর প্রদেশের মিরাট জেলায় পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিককে ডেকে এনে স্বামীকে পিটিয়ে ও ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর ‘হৃদরোগ’ বলে চালিয়ে দিয়েছিলেন স্ত্রী। তবে মৃতের নিজের মুঠোফোনে লুকিয়ে থাকা একটি চ্যাটের মাধ্যমে এই ঘটনার সত্যতা সামনে এসেছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি ঘটেছে মিরাটের লোহিয়া নগর এলাকায়। নিহত যুবকের নাম তালিব (৩০)। চার বছর আগে পেশায় বিউটিশিয়ান ইলমার (২৭) সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের সংসারে তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। ঘটনার দিন ইলমা তার বড় ভাই আকরামকে জানান, কাজ থেকে ঘরে ফিরে তালিব হঠাৎ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই বিছানায় ঢলে পড়েন তিনি এবং সেখানেই তার মৃত্যু ঘটে। আকস্মিক হৃদরোগে মৃত্যু হয়েছে ভেবে কোনো ধরনের সন্দেহ ছাড়াই শোকাহত পরিবার ধর্মীয় রীতি মেনে তালিবের মরদেহ দাফন সম্পন্ন করে। তবে দাফনের কিছুদিন পর থেকেই পরিবারের লোকজনের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। গত ১ অক্টোবর তালিবের চাচাতো ভাই রইস তথ্য খোঁজার উদ্দেশ্যে ইলমার বাড়িতে যান। তালিবের ব্যবহৃত মুঠোফোনটি অনেক খুঁজেও পাওয়া যাচ্ছিল না; ইলমা কৌশলে সেটি কাপড়ের স্তূপের নিচে লুকিয়ে রেখেছিলেন। তবে তল্লাশি চালিয়ে রইস ফোনটি উদ্ধার করেন। ফোনটির মেসেজ ঘাঁটতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর সত্য। সেখানে আমান নামের এক যুবকের সঙ্গে তালিবের তীব্র বাদানুবাদের চ্যাট দেখতে পান রইস, যেখানে তালিব স্পষ্টভাবে আমানকে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ ও কথা বলতে কঠোরভাবে নিষেধ করেছিলেন। এই প্রমাণের ভিত্তিতে পরিবারের সদস্যরা ইলমাকে চাপ দিয়ে জেরা শুরু করতেই ভেঙে পড়েন তিনি এবং স্বামীকে ঠান্ডা মাথায় হত্যার বিষয়টি স্বীকার করেন। স্বীকারোক্তিতে ইলমা দাবি করেন, পারিবারিক কলহের জেরে তালিব প্রায়ই তাকে মারধর করতেন। গত ২৮ সেপ্টেম্বর এমনই এক বিবাদের পর ক্ষুব্ধ হয়ে তিনি পরকীয়া প্রেমিক আমানকে ডেকে পাঠান। আমান তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে পৌঁছান। এরপর তিনজন মিলে তালিবকে বেদম মারধর করেন। একপর্যায়ে আমান গলার ওড়না (চুন্নি) পেঁচিয়ে শ্বাসরোধ করে তালিবের মৃত্যু নিশ্চিত করেন। হত্যাকাণ্ড ধামাচাপা দিলে তালিবের মৃত্যুর পর তাকে বিয়ে করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন আমান। কোতোয়ালি অঞ্চলের সার্কেল অফিসার (সিও) সংগ্রাম সিং জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে মঙ্গলবার কবর থেকে তালিবের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযুক্ত স্ত্রী ইলমাকে বর্তমানে পুলিশের কঠোর নজরদারিতে রাখা হয়েছে এবং ফরেনসিক ও ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে মূল অভিযুক্ত প্রেমিক আমানসহ অন্যদের বিরুদ্ধে পরবর্তী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শ্রমবাজারের বিভিন্ন খাতের কর্মী সংকট মেটাতে ১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে ইতালি। নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত এই সুযোগের আওতায় বাংলাদেশিরাও আবেদন করতে পারবেন। ইতালির ‘ফ্লো ডিক্রি’র আওতায় নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়ায় প্রয়োজন হবে পাসপোর্টের কপি, চাকরির চুক্তি বা নিয়োগপত্রসহ প্রয়োজনীয় বৈধ কাগজপত্র। বাংলাদেশ থেকে যারা বৈধভাবে ইতালিতে কাজের জন্য যেতে চান, তাদের ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল পোর্টাল ও অনুমোদিত কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে আবেদন করতে হবে।
সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩ অক্টোবর) সৌদির আরামকোর একটি শোধনাগার থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। পরে সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকলকর্মীরা। তবে আগুন লাগার কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষ বা আরামকোর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হামলায় লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে আগুন ধরে যায়। ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকায়, বিশেষ করে রাজধানী সানায় সৌদি বিমান হামলার জবাব হিসেবে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। ইয়াহিয়া সারি আরও দাবি করেন, গত ২৪ ঘণ্টায় হুথিদের নিয়ন্ত্রিত এলাকায় প্রায় ৬০টি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।
সোমালিয়া ‘কোনো অবস্থাতেই’ দেশটিতে ইসরায়েলি উপস্থিতি মেনে নেবে না এবং মধ্যপ্রাচ্যের সংকটে জড়িয়ে পড়ার যেকোনো প্রচেষ্টা তারা প্রতিহত করবে বলে জানিয়েছেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ। সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। হাসান শেখ মোহামুদ বলেন, ইসরায়েল বারবার্বায় একটি নৌঘাঁটি স্থাপন ও বিমানবন্দর ব্যবহারের পরিকল্পনা করছে। তাদের আসল উদ্দেশ্য হলো উপসাগরীয় দেশগুলোর ও ইরানের কাছাকাছি যাওয়া। বারবার্বা হলো সোমালিল্যান্ডের এডেন উপসাগর উপকূলের একটি বন্দরনগরী। সোমালিল্যান্ড হলো সোমালিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি স্বঘোষিত প্রজাতন্ত্র, যাকে ইসরায়েল গত বছর স্বীকৃতি দিয়েছিল, কিন্তু মোগাদিশু এই অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে। বারবার্বা কৌশলগত বাব আল-মান্দেব প্রণালীর কাছাকাছি সমুদ্রের ওপারে ইয়েমেনের মুখোমুখি অবস্থিত। ইরানপন্থি হুথিরা এর আগে এ এলাকায় ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর অবরোধ আরোপ করেছিল। এ বিষয়ে সোমালিয়ার প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলি পরিকল্পনাগুলো ‘গ্রেটার ইসরায়েল’ প্রকল্পের অন্তর্ভুক্ত। এই শব্দ এমন বিভিন্ন প্রস্তাবকে বোঝায়, যা প্রায়শই বাইবেলের ব্যাখ্যার ওপর ভিত্তি করে বর্তমান সীমানার বাইরে ইসরায়েলের ভূখণ্ডগত নিয়ন্ত্রণের কথা বলে। এর কিছু রূপ নীল নদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত। ইসরায়েল এটিকে তাদের আনুষ্ঠানিক নীতি হিসেবে গ্রহণ করেনি, তবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০২৫ সালের আগস্টে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি এই দর্শনের সঙ্গে নিজের সংযোগ অনুভব করেন, যা আরব সরকারগুলোর তীব্র নিন্দা কুড়িয়েছিল। সোমালিয়ার প্রেসিডেন্ট ইসরায়েলকে একটি ‘অস্থিতিশীলতাকারী শক্তি’ হিসেবে বর্ণনা করেছেন, যারা আন্তর্জাতিক আইন মেনে চলে না। গত ডিসেম্বরে সোমালিল্যান্ডকে তেল আবিবের স্বীকৃতি দেওয়ারও সমালোচনা করেন তিনি। মোহামুদ বলেন, ইসরায়েল ছাড়া অন্য কোনো দেশ সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়নি, অথচ ওই অঞ্চলের নিজস্ব বাসিন্দারাও ইসরায়েলি উপস্থিতির সম্পূর্ণ বিরোধী। সোমালিল্যান্ড ১৯৯১ সালে সোমালিয়া থেকে স্বাধীনতার ঘোষণা দেয় এবং তিন দশকেরও বেশি সময় ধরে নিজেদের স্বাধীনভাবে পরিচালনা করে আসছে। কিন্তু ইসরায়েলি পদক্ষেপের আগ পর্যন্ত তারা জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করতে পারেনি। সোমালিয়ার প্রেসিডেন্ট জানান, ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র এখনো তাদের দেশের সবচেয়ে শক্তিশালী অংশীদার। প্রধান শহরগুলোতে আল-শাবাবের কোনো উপস্থিতি নেই, ফলে এই গোষ্ঠীটির সোমালিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। আল-শাবাব একটি সোমালি সশস্ত্র গোষ্ঠী, যা দুই হাজার দশকের মাঝামাঝি সময়ে ইসলামিক কোর্টস ইউনিয়ন থেকে আত্মপ্রকাশ করে এবং ২০১২ সালে আল-কায়েদার প্রতি আনুগত্যের অঙ্গীকার করে। তারা বছরের পর বছর ধরে সোমালিয়ার ফেডারেল সরকারের বিরুদ্ধে লড়াই করেছে, সোমালিয়ার দক্ষিণ ও মধ্য অংশের কিছু এলাকা দখল করে রেখেছে এবং মোগাদিশু ও প্রতিবেশী কেনিয়াসহ বিভিন্ন স্থানে মারাত্মক হামলা চালিয়েছে। পূর্ব আফ্রিকা অঞ্চলের বিষয়ে সাক্ষাৎকারে মোহামুদ বলেন, প্রতিবেশী ইথিওপিয়ার সঙ্গে সোমালিয়ার সম্পর্ক ভালো এবং অর্থনৈতিক স্বার্থে সোমালি বন্দরগুলো ব্যবহারের জন্য যৌথ চুক্তির মাধ্যমে আদ্দিস আবাবার সমুদ্রের প্রবেশাধিকার অর্জনে মোগাদিশুর কোনো আপত্তি নেই। ১৯৯৩ সালে ইরিত্রিয়া স্বাধীন হওয়ার পর থেকে ইথিওপিয়া স্থলবেষ্টিত রয়েছে এবং বাণিজ্যের জন্য মূলত জিবুতির বন্দরগুলোর ওপর নির্ভর করে। ২০২৪ সালের জানুয়ারিতে আদ্দিস আবাবা সোমালিল্যান্ডের সঙ্গে সমুদ্র প্রবেশাধিকারের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে, যাকে সোমালিয়া তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানায়। পরে সোমালিয়া ও ইথিওপিয়া উত্তেজনা প্রশমনে সম্মত হয়।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানি জাতির সংগ্রাম, বিজয় ও সাফল্যের প্রধান শক্তি ও ভিত্তি হলো নামাজ। মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে আয়োজিত ৩৩তম ‘জাতীয় নামাজ সম্মেলনে’ পাঠানো এক বার্তায় তিনি এ কথা বলেন। বার্তায় খামেনি নামাজকে মহান আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত ও ইসলামের মূল স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, নামাজ সৃষ্টিকর্তার সঙ্গে মানুষের সরাসরি যোগাযোগের মাধ্যম এবং অহংকার ও জাগতিক কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্বপূর্ণ হাতিয়ার। একই সঙ্গে এটি মানুষের মনে শান্তি, আশা ও ভালোবাসা সৃষ্টি করে। তিনি আরও বলেন, নামাজ শুধু ব্যক্তিগত ইবাদত নয়; এর একটি সামাজিক দায়িত্বও রয়েছে। ইরানি সমাজে নামাজের চেতনা ছড়িয়ে দিতে পরিবার, শিক্ষক, সমাজের বিশিষ্ট ব্যক্তি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।
ভারতের কেরালার ত্রিশূরে এক পুরুষ বন্ধুর সঙ্গে লজে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী—এমন অভিযোগ উঠেছে। পুলিশ পরিচয়ে ওই নারী ও তার বন্ধুকে অপহরণ করে তামিলনাড়ুতে নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে। এ ঘটনায় ওই পুরুষের স্ত্রীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে ওই নারীর পুরুষ বন্ধুর স্ত্রীও জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ত্রিশূর সিটি পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি গত মাসের। তামিলনাড়ুর তিরুপুরের ওই নারী তার এক পুরুষ বন্ধুর সঙ্গে কেরালায় যান। পরে তারা ত্রিশূরের কেএসআরটিসি বাসস্ট্যান্ডের কাছে একটি লজে ওঠেন। অভিযোগ অনুযায়ী, কিছুক্ষণ পর পাঁচ ব্যক্তি পুলিশ পরিচয়ে লজের কক্ষে প্রবেশ করেন। তারা ওই নারী ও তার বন্ধুর হাত-পা বেঁধে একটি গাড়িতে করে তামিলনাড়ুর দিকে নিয়ে যান। পুলিশের তথ্য অনুযায়ী, গাড়িতে ওই পুরুষকে মারধর করা হয়। এতে তার হাত ও পা ভেঙে যায়। পরে তাকে তিরুপুরের একটি হাসপাতালের সামনে ফেলে রেখে যায় অভিযুক্তরা। অন্যদিকে, দুই ব্যক্তি ওই নারীকে অন্য একটি গাড়িতে তুলে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরে ওই নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে তামিলনাড়ু পুলিশ মামলা করে। তদন্তের একপর্যায়ে মামলাটি ত্রিশূর সিটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তদন্তে পুলিশ জানতে পারে, ওই পুরুষের স্ত্রীই অভিযুক্তদের ভাড়া করেছিলেন বলে অভিযোগ রয়েছে। স্বামীর মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে তিনি তা অভিযুক্তদের জানিয়েছিলেন বলেও পুলিশের তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় ওই পুরুষের স্ত্রীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পেছনের কারণ এবং জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্র: এনডিটিভি
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে হঠাৎ গণহারে তাড়িয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানি শ্রমিকদেরকে। এ পরিস্থিতিতে বড় ধরনের কর্মসংস্থান সংকটের হুমকিতে পড়ে গেছে পাকিস্তানের অর্থনীতি। মঙ্গলবার (১২ মে) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। প্রতিবেদন অনুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে গিয়ে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বড় ধরনের কূটনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে পাকিস্তান। এই টানাপোড়েনের জেরেই মূলত পাকিস্তানিদের জন্য শ্রমবাজার বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিয়েছে আমিরাত কর্তৃপক্ষ। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ৮ এপ্রিলের যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেই এই বিতাড়ন প্রক্রিয়া শুরু হয়। এর ফলে পাকিস্তানের সাধারণ শ্রমিকরা এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছেন, যাদের আয়ের ওপর দেশে থাকা লক্ষাধিক মানুষ নির্ভরশীল। বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শান্তি চুক্তির চেষ্টা করলেও আমিরাতের ওপর ইরানি হামলার বিষয়ে পাকিস্তানের অবস্থান যথেষ্ট কঠোর ছিল না। যুদ্ধের শুরু থেকেই হাজার হাজার ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে আমিরাত। মূলত, পাকিস্তানের এই নমনীয় অবস্থানেই ক্ষুব্ধ হয়েছে আবুধাবি। সম্প্রতি আমিরাতের বিভিন্ন কোম্পানিতে কর্মরত ২০ জনের বেশি পাকিস্তানি শিয়া কর্মীর সাক্ষাৎকার নিয়েছে নিউ ইয়র্ক টাইমস। তারা সবাই জানিয়েছেন, গত এক মাসে তাদের হঠাৎ করে গ্রেপ্তার, আটক ও পরে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পাকিস্তানের শিয়া ধর্মীয় নেতাদের দাবি, এপ্রিলের মাঝামাঝি থেকে এ পর্যন্ত কয়েক হাজার পাকিস্তানি শিয়া কর্মীকে আমিরাত থেকে বিতাড়ন করা হয়েছে। পাকিস্তানে প্রায় ৩ কোটি ৫০ লাখ শিয়া মুসলিমের বসবাস, যাদের সঙ্গে ইরানের গভীর আধ্যাত্মিক যোগসূত্র রয়েছে। যদিও বিতাড়নের সুনির্দিষ্ট কারণ কোনও পক্ষই স্পষ্ট করেনি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি গণহারে বিতাড়নের বিষয়টি অস্বীকার করে দাবি করেছেন, যারা আমিরাতে অপরাধ করেছে কেবল তাদেরই ফেরত পাঠানো হচ্ছে। তবে শিয়াদের আলাদা করে লক্ষ্যবস্তু করা হচ্ছে কি না, সে বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি। অন্যদিকে, আমিরাত সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সরকারের ঘনিষ্ঠ আমিরাতি-লেবানিজ ভাষ্যকার নাদিম কোটেইচ বলেন, আমিরাতের সঙ্গে পর্যাপ্ত সমন্বয় না করেই পাকিস্তান এই শান্তি উদ্যোগ শুরু করেছিল। আমিরাতের ক্ষোভের প্রতিফলন দেখা গেছে আর্থিক খাতেও। গত মাসে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের কাছ থেকে তাদের ৩৫০ কোটি ডলারের ঋণ ফেরত চেয়েছে, যা পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় এক-পঞ্চমাংশ। তবে, এই পরিস্থিতিতে সৌদি আরব এগিয়ে এসে পাকিস্তানের রিজার্ভ সচল রাখতে ৩০০ কোটি ডলার জমা রাখার প্রস্তাব দিয়েছে। আবুধাবিতে অবস্থিত আনোয়ার গারগাশ ডিপ্লোম্যাটিক অ্যাকাডেমির সিনিয়র ফেলো হুসেইন হাক্কানি বলেন, আমিরাত অবাক হয়েছে যে ইরান ইস্যুতে পাকিস্তান তাদের সমর্থন দেয়নি, আর পাকিস্তান অবাক হয়েছে এটা দেখে যে আমিরাত কেন অবাক হলো! উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে ২০ লাখের বেশি পাকিস্তানি বসবাস করেন, যারা গত বছর প্রায় ৮০০ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন। পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেন, আমিরাতের সঙ্গে সুসম্পর্ক রাখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু, এই যুদ্ধে পাকিস্তান আর কোন পথ বেছে নিতে পারত, তাও আমার জানা নেই। বিতাড়িত শ্রমিকদের অভিযোগ, কোনও ধরনের ব্যাখ্যা বা নিজেদের মালামাল গুছিয়ে নেওয়ার সুযোগ না দিয়েই তাদের ফেরত পাঠানো হয়েছে। ২৫ বছর বয়সী আলী হামজা জানান, গত ১৩ এপ্রিল এক সাদাপোশাকের কর্মকর্তা তাকে অফিস থেকে তুলে নিয়ে আল-আউইর আটক কেন্দ্রে নিয়ে যান এবং ২১ এপ্রিল তাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। উত্তর-পশ্চিম পাকিস্তানের শের কোট গ্রামের ট্যাক্সিচালক হায়দার আলী বঙ্গশ বলেন, তারা আমাদের কোনও কারণ বলেনি। কিন্তু আমরা বুঝতে পেরেছি যে, আমাদের একমাত্র অপরাধ আমরা শিয়া। দুবাইয়ের পাকিস্তানি কনস্যুলেট থেকে দেওয়া নথিতে বিতাড়নের কারণ হিসেবে ‘জেলে থাকা বা পলাতক’ লিখে দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের অন্তত ১২টি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার জানিয়েছেন, অভিবাসন কর্তৃপক্ষ পাকিস্তানি কর্মীদের ভিসা নবায়ন করা বন্ধ করে দিয়েছে অথবা সরাসরি বিতাড়নের নির্দেশ দিচ্ছে। এমনকি অনেক ক্ষেত্রে নতুন ভিসা ইস্যু করাও স্থগিত রাখা হয়েছে। আবুধাবিতে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জানান, গত মাসে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার এক শিয়া পাকিস্তানি টেকনিশিয়ানকে আটক কেন্দ্রে নিয়ে যেতে বাধ্য করে এবং ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান এখন একদিকে সংযুক্ত আরব আমিরাত এবং অন্যদিকে সৌদি আরবের মধ্যকার ক্রমবর্ধমান দূরত্বের মাঝে আটকা পড়েছে। ইয়েমেন যুদ্ধসহ বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে সম্প্রতি সৌদি ও আমিরাতের মধ্যে বিভেদ বাড়ছে। এর মধ্যে পাকিস্তান গত বছর সৌদির সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি করেছে, যেখানে বলা হয়েছে, যেকোনও এক দেশে হামলা হলে তা অন্য দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে। আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বলেন, পাকিস্তান সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখা এবং একই সঙ্গে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে পদক্ষেপ নিয়েছে, তাতে আমিরাত মোটেও খুশি নয়।
তামিলনাড়ুতে সরকার গঠনকে ঘিরে চলা রাজনৈতিক টানাপোড়েনে নতুন জটিলতা তৈরি হয়েছে। রাজ্যপাল আর ভি আর্লেকার এখনো নিশ্চিত নন যে অভিনেতা-রাজনীতিক বিজয়ের কাছে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে শনিবার (৯ মে) তার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হবে কি না, তা অনিশ্চিত হয়ে পড়েছে। জানিয়েছে এনডিটিভি। রাজ্যপাল দপ্তরের সূত্র বলছে, ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনে দরকার ১১৮ জন বিধায়কের সমর্থন। কিন্তু বিজয় এখনো সেই সমর্থনের স্পষ্ট প্রমাণ দিতে পারেননি। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, তামিলাগা ভেট্রি কালাগাম (টিভিকে) বর্তমানে ১১৬ জন বিধায়কের সমর্থন পেয়েছে, যা সংখ্যাগরিষ্ঠতার চেয়ে দুই কম। শুক্রবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান বিজয়। তিনি বলেন, তার পক্ষে ১১৮ জন বিধায়কের সমর্থন রয়েছে। তবে রাজ্যপালের দপ্তরের দাবি, ভিসিকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) সমর্থনের লিখিত প্রমাণ তিনি জমা দিতে পারেননি। পরে আইইউএমএলও জানায়, তারা টিভিকে নেতৃত্বাধীন জোটের অংশ নয়। গত মাসের নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন জিতে বড় চমক দেখায় বিজয়ের দল টিভিকে। এতে করে দীর্ঘ ৬২ বছর ধরে তামিল রাজনীতিতে ডিএমকে ও এআইএডিএমকের আধিপত্যে বড় ধাক্কা লাগে। তবে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শুরু থেকেই জোট গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে দলটি। এর আগে বুধবার ও বৃহস্পতিবার দুই দফা রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন বিজয়। প্রতিবারই আর্লেকার স্পষ্ট করে দেন, পর্যাপ্ত সমর্থনের নিশ্চয়তা ছাড়া সরকার গঠনের আমন্ত্রণ দেওয়া হবে না। বৃহস্পতিবারের বৈঠকে তিনি বিজয়কে প্রশ্নও করেন, কম সমর্থন নিয়ে কীভাবে সরকার চালানো সম্ভব হবে। পাশাপাশি ১১৮ জন বিধায়কের সমর্থনের প্রমাণপত্র জমা দিতে বলেন। এদিকে টিভিকের ১০৮ আসনের সঙ্গে কংগ্রেস তাদের পাঁচ আসনের সমর্থন দেওয়ার কথা জানায়। তবে শর্ত ছিল, বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে জোট না করা। এ নিয়ে ডিএমকে ও কংগ্রেসের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলে। সংখ্যা বাড়াতে টিভিকে পরে ভিসিকে, সিপিআই(এম) ও সিপিআইয়ের সঙ্গেও আলোচনা শুরু করে। যদিও এসব দল আগে থেকেই ডিএমকের মিত্র ছিল। একই সময় বিকল্প সরকার গঠনের সম্ভাবনা নিয়েও ডিএমকের সঙ্গে আলাপ চলছিল বলে জানা যায়। বিজয় আইইউএমএলের একজন বিধায়ক এবং টিটিভি দিনাকরণের আম্মা মাক্কাল মুন্নেত্রা কাজাগামের একমাত্র বিধায়কের সমর্থন পাওয়ার চেষ্টাও করেন। বাম দল সিপিআই ও সিপিআই(এম) টিভিকেকে বাইরে থেকে সমর্থন দেওয়ার কথা বললেও মন্ত্রিসভায় যোগ দেবে না বলে জানিয়েছে। অন্যদিকে কংগ্রেস তাদের সমর্থনের বিনিময়ে দুটি মন্ত্রিত্ব চায় বলে জানা গেছে। এই অচলাবস্থার মধ্যে ডিএমকে ও এআইএডিএমকের সম্ভাব্য জোট নিয়েও জল্পনা ছড়ায়। যদিও দুই দলের শীর্ষ নেতারা পরে এমন সম্ভাবনা নাকচ করেন। বিশ্লেষকদের মতে, বিজয়ের উত্থান ঠেকাতেই এ ধরনের আলোচনার গুঞ্জন উঠেছে। এদিকে বিজেপি পুরো পরিস্থিতিতে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। দলটির তামিলনাড়ু শাখার মুখপাত্র নারায়ণ তিরুপাথি বলেন, এটি একটি বিভক্ত জনরায়, টিভিকের এখনো সংখ্যাগরিষ্ঠতা নেই। তবে বিজয় যদি তা প্রমাণ করতে পারেন, তাহলে সাংবিধানিকভাবেই রাজ্যপাল তাকে সরকার গঠনের সুযোগ দেবেন।
স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে নতুন প্রস্তাব দিয়েছে, তা এখনো খতিয়ে দেখছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা ভাবনাচিন্তা চালিয়ে যাচ্ছে। তবে ওয়াশিংটন চায়, আজকের মধ্যেই তেহরান তাদের অবস্থান জানাক। শুক্রবার (৮ মে) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, বর্তমান পরিস্থিতির ওপর ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক নজর রাখছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেন, যেকোনো ধরনের আগ্রাসন বা হঠকারী পদক্ষেপের জবাব দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত। অন্যদিকে, যুক্তরাষ্ট্র আজই ইরানের প্রতিক্রিয়া পাওয়ার আশা করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, শুক্রবারের মধ্যেই তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক সাড়া আসতে পারে। ইতালির রাজধানী রোমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ইরানের জবাবে কী আসে, সেটাই এখন দেখার বিষয়। তবে তারা এমন প্রতিক্রিয়া আশা করছেন, যা গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনার পথ তৈরি করবে। এদিকে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের তথ্য অনুযায়ী, মুখপাত্র বাগাই সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সামরিক উত্তেজনার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এরই মধ্যে হরমুজ প্রণালিতে দুই দেশের নৌবাহিনীর মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের আরেক আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, গত এক ঘণ্টা ধরে ওই এলাকায় ইরানি বাহিনী ও মার্কিন রণতরীর মধ্যে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ চলছে।
টানা ৪০ দিন যুদ্ধ চলার পর পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল ইরান-যুক্তরাষ্ট্র। তবে এর মাঝে আবারও পালটাপালটি হামলা শুরু করেছে দুই দেশ। এতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি চরম উত্তেজনার মুখে পড়েছে। সম্প্রতি হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজে পালটা হামলা চালানোর দাবি করেছে ইরানি সামরিক বাহিনী। বৃহস্পতিবার (৭ মে) মার্কিন বাহিনী তাদের একটি তেলবাহী ট্যাংকারে প্রথম হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে তেহরান। জবাবে আইআরজিসি নৌবাহিনী মার্কিন যুদ্ধজাহাজে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, তারা সফলভাবে এই হামলা প্রতিহত করে ইরানের সামরিক স্থাপনায় পালটা আঘাত হেনেছে। ইরানের দাবি অনুযায়ী, জাস্ক বন্দরের কাছে তাদের একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন বাহিনী প্রথমে হামলা চালায়। এর প্রতিবাদে আইআরজিসি নৌবাহিনী হরমুজ প্রণালি অতিক্রমকারী তিনটি মার্কিন ডেস্ট্রয়ার (ইউএসএস ট্রাক্সটন, ইউএসএস রাফায়েল পেরাল্টা এবং ইউএসএস মেসন) লক্ষ্য করে একাধিক জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের এই হামলা সফলভাবে প্রতিহত করেছে এবং তাদের কোনো যুদ্ধজাহাজের ক্ষতি হয়নি। এর পরপরই ‘আত্মরক্ষামূলক’ ব্যবস্থার অংশ হিসেবে মার্কিন বাহিনী ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, মিনাব এবং সিরিক শহরের সামরিক স্থাপনা লক্ষ্য করে পালটা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ট্রাম্প জানিয়েছে, তারা উত্তেজনা বাড়াতে চায় না, তবে নিজেদের বাহিনীকে রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। অন্যদিকে, ইরান এই ঘটনাকে মার্কিন আগ্রাসন হিসেবে দেখছে। এর আগে ইরান দাবি করেছিল, তাদের হামলায় মার্কিন যুদ্ধজাহাজগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে ওমান উপসাগরের দিকে পালিয়ে গেছে। ট্রাম্পের এই বক্তব্য ইরানের সেই দাবিকে সরাসরি নাকচ করে দিল।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার (৮ মে) কেন্দ্রীয় বিজেপি নেতা ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে নির্বাচিত নতুন বিধায়কদের বৈঠকের পর এ ঘোষণা আসে। আজই রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর হওয়ার পাশাপাশি বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে এদিন বেলা ১১টার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বহনকারী বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি সোজা চলে যান দক্ষিণেশ্বরে। মন্দিরে পূজা দিয়ে তিনি সেখান থেকে যান নিউ টাউনের হোটেলে। দুপুরে বিশ্ব বাংলা কনভেশন সেন্টারে বিজেপির জয়ী প্রার্থী তথা হবু বিধায়কদের নিয়ে বৈঠক করেন তিনি। আর সেখানেই নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে আলোচনা হয়। তবে, ভারতের এই রাজ্যটির মুখ্যমন্ত্রীর দায়িত্ব যে শুভেন্দুই পেতে যাচ্ছেন সেটি আগে থেকেই ধারণা করা হচ্ছিল। জানা গেছে, নিউ টাউনের হোটেলে রাত্রিযাপন করবেন অমিত শাহ। এরপর আগামীকাল শনিবার সেখান থেকে সোজা চলে যাবেন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানেই শপথে নেবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। ১৯৭০ সালের ১৫ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের জন্ম শুভেন্দুর। দীর্ঘ তিন দশকের রাজনৈতিক জীবন, একসময়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী। রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ১৯৯৫ সালে কাঁথি পৌরসভার কাউন্সিলর হিসেবে। এরপর ২০০৬ সালে দক্ষিণ কাঁথি থেকে প্রথমবার বিধানসভায় পদার্পণ এবং ২০০৭-০৮ সালের ঐতিহাসিক নন্দীগ্রাম আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে পরিবহণ ও সেচ দপ্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব সামলানোর পর, ২০২০ সালে আদর্শগত পার্থক্যের কারণে দলত্যাগ করে বিজেপিতে যোগদান তার রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে শুভেন্দু অধিকারী 'জায়ান্ট কিলার' হিসেবে নিজেকে প্রমাণ করেন। সেই জয়ের পর রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে তিনি শাসকদলের প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি এক অনন্য সাহস দেখিয়ে নিজের দুর্গ নন্দীগ্রামের পাশাপাশি মুখ্যমন্ত্রীর খাসতালুক ভবানীপুর থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেন। দুই কেন্দ্র থেকেই জয় লাভ করার পাশাপাশি বিজেপি রাজ্যে ম্যাজিক ফিগার পার করে। ৯২.৪৭ শতাংশের রেকর্ড ভোটার উপস্থিতি এবং ভোটার তালিকা থেকে ৯১ লাখ ‘ভুয়া’ ভোটার বাদ দেয়ার লড়াইকে হাতিয়ার করে শুভেন্দু আজ বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে। কাঁথি হাই স্কুল থেকে স্কুল জীবন শেষ করে প্রভাত কুমার কলেজ এবং পরবর্তীকালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা এই নেতা মেদিনীপুরের অধিকারী পরিবারের দীর্ঘ ঐতিহ্যকে বহন করছেন। বর্তমানে তার বাবা শিশির অধিকারী এবং দুই ভাই দিব্যেন্দু ও সৌমেন্দু সকলেই বিজেপির ছত্রছায়ায় মেদিনীপুরের রাজনৈতিক একাধিপত্য বজায় রেখেছেন। মেদিনীপুরের সিংহ থেকে আজ কলকাতার ক্ষমতার অলিন্দে শুভেন্দুর এই জয়যাত্রা পশ্চিমবঙ্গের প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে।
আসন্ন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। গণনা অনুসারে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। আসন্ন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। বুধবার (৬ মে) এক প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এই গণনা করেছেন। আরব জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান ইউনিয়নেরও একজন সদস্য আল জারওয়ান। তিনি জানান, জিলহজ মাসের সূচনাসূচক অর্ধচন্দ্রটি সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী রোববার (১৭ মে) রাত ১২.০১ মিনিটে দেখা যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুসারে, আগামী ১৮ মে, ১৪৪৭ হিজরি মাসের যুল-হিজ্জাহ (জিলহজ) মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী, আরাফার দিবস হবে ২৬ মে (মঙ্গলবার) এবং পবিত্র ঈদুল আজহা ২৭ মে (বুধবার) অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেদন অনুসারে, সেদিন সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর চাঁদ অস্ত যাবে বলে ধারণা করা হচ্ছে। এটি দিগন্তের প্রায় ১০ ডিগ্রি উপরে থাকবে, ফলে অনুকূল পরিস্থিতিতে চাঁদ দেখা যাবে। সেই হিসেবে আগামী ১৮ মে সোমবার জিলহজ মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেটি হলে জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ আরাফা দিবস পড়বে ২৬ মে, মঙ্গলবার। আর পরের দিন ২৭ মে, বুধবার সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। উল্লেখিত তারিখগুলো বৈজ্ঞানিক পূর্বাভাসের ওপর ভিত্তি করে নির্ধারিত জানিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা জানান, তবে জিলহজ মাস, আরাফার দিন ও ঈদুল আজহার চূড়ান্ত তারিখ সরকারিভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সাধারণত, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়। সেই হিসাবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। তবে দেশের আকাশে জাতীয় চাঁদ দেখা কমিটির চাঁদ দেখার ওপর দেশে ঈদের চূড়ান্ত তারিখ নির্ভর করছে।
টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকার পর বিধানসভা নির্বাচনে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৫ মে) কলকাতায় এক সংবাদ সম্মেলনে নির্বাচনী ফলাফলে কারচুপির অভিযোগ তুলে ওই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মমতা। পশ্চিমবঙ্গের এই নেত্রী বলেছেন, আমি হারিনি, তাই রাজভবনেও যাব না। পদত্যাগপত্র জমা দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মমতা বন্দোপাধ্যায়ের এই অনড় অবস্থানের ফলে রাজ্যে নজিরবিহীন এক সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। এই সংকট নিরসনের দায় রাজ্যপাল আরএনরবির ওপর বর্তাতে পারে বলে ধারণা করা হচ্ছে। গতকাল নির্বাচনী ফলাফলে পরাজয়ের ইঙ্গিত পাওয়ার পরপরই এক জরুরি ভিডিও বার্তায় ‘বাঘের বাচ্চার’ মতো লড়াই করার অঙ্গীকার করেছিলেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী। কিন্তু আজ সংবাদ সম্মেলনে মমতা বলেছেন, নির্বাচনে তিনি হারেননি; বরং বিজেপি ‘লুটপাটের’ মাধ্যমে ফল ছিনিয়ে নিয়েছে।
সতর্ক উপেক্ষা করে হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে মিসাইল ছুড়েছে ইরান। সোমবার (৪ মে) এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, যুদ্ধজাহাজটি ইরানের জাস্ক দ্বীপের কাছে ছিল। তখন এটিতে মিসাইল হামলা চালানো হয়। জাস্ক দ্বীপের কাছ দিয়ে জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাচ্ছিল। হামলার পর জাহাজটি তার গতিপথ পরিবর্তন করে। তবে যুদ্ধজাহাজে ইরানিদের হামলার দাবি অস্বীকার করেছেন এক মার্কিন কর্মকর্তা। তিনি সংবাদমাধ্যম এক্সিওসকে বলেছেন, তাদের কোনো জাহাজে হামলার ঘটনা ঘটেনি। এদিকে ইরান এ হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, হরমুজ প্রণালিতে যেসব জাহাজ আটকে আছে সেগুলোকে নিরাপত্তা দিয়ে বের করে নিয়ে আসবেন তারা। এরপরই ইরান যুক্তরাষ্ট্রকে সতর্কতা দিয়ে জানায়, যদি হরমুজে কোনো জাহাজ প্রবেশ করে তাহলে সেটিতে হামলা চালানো হবে। টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে শুরু থেকেই এটি ভঙ্গুর ছিল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরদিন যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে নৌ-অবরোধ আরোপ করে। এছাড়া আরব সাগর থেকে তাদের ট্যাংকার জাহাজও জব্দ করে। যুদ্ধ বিরতির পর গত ১২ এপ্রিল দুই দেশ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসেছিল। কিন্তু তারা সেখান থেকে কোনো সমাধানে পৌঁছাতে পারেনি।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে স্বাধীনতার পর এই প্রথম রাজ্য সরকার গঠনের পথে রয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে অভূতপূর্ব এই বিজয়ের খবরে একাধিক জায়গায় বাজতে শুরু করেছে ডিজে, উড়ছে গেরুয়া আবির। এর মধ্যে বিভিন্ন জায়গা থেকে সংঘাতের খবরও এসেছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার (৪ মে) একটি ভোট গণনাকেন্দ্রের বাইরে ‘জয় বাংলা’ স্লোগান দেন তৃণমূল কর্মী-সমর্থকরা। পাল্টা শুরু হয় বিজেপির ‘জয় শ্রী রাম’ স্লোগান। এরপরই দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। সবশেষ সংঘাতের ঘটনা ঘটেছে কোচবিহারের দিনহাটায়। সেখানে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। সংঘর্ষের সময় দলীয় নেতাকর্মীদের ‘জয় শ্রী রাম’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। দিনহাটায় বিজেপির প্রার্থী অজয় রায়, তৃণমূলের উদয়ন গুহ। গণনা করা ভোটের সবশেষ প্রবণতায় দেখা যায়, অজয় রায় ১০ হাজারের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বাইরে বিজেপি কর্মীরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়েছেন। এদিকে টিভি নাইন জানায়, ক্যানিং পূর্বের গণনা কেন্দ্রে তুমুল উত্তেজনা দেখা দেয়। ভোট গণনা কেন্দ্রের মধ্য থেকেই হই হই রব! আসানসোল গণনা কেন্দ্রের বাইরেও উত্তেজনা। ভোট গণনা কেন্দ্র থেকে কিছুটা অদূরে তৃণমূল ক্যাম্প অফিসে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী। আসানসোলে ইঞ্জিনিয়ারিং কলেজের বাইরে গণনা কেন্দ্রের বাইরে তৃণমূলের ক্যাম্পেও সংঘর্ষের খবর মিলেছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন জব্দ করেছে ভারতের নির্বাচন কমিশন। ভোট গণনাকেন্দ্রে ফোন নিয়ে প্রবেশের অনুমতি না থাকায় তাদের ফোন জব্দ করা হয়েছে। সোমবার (৪ মে) পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়। এর মধ্যে বিকেলে ভবানিপুর আসনের সাখাওয়াত মেমোরিয়াল স্কুল কেন্দ্রে যান মমতা। সেখানে যান শুভেন্দুও। ওই সময় তাদের কাছে ফোন থাকায় সেগুলো জব্দ করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। জানা গেছে, ওই কেন্দ্রে প্রবেশ করেছিলেন মমতার ভাইয়ের ছেলে অভিষেক। কিন্তু তিনি সেখানকার প্রার্থী বা এজেন্ট না হওয়ায় তাকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিনে সেখানকার বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। সোমবার (৪ মে) সকালে ভোটগণনা শুরু হয়। এতে দেখা যাচ্ছে, ২৯৪টি আসনের মধ্যে ২০৫টি আসনে এগিয়ে আছে বিজেপি। অন্যদিকে, তৃণমূল মাত্র ৮৪টি কেন্দ্রে এগিয়ে আছে। ফলে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। এমন পরিস্থিতিতে আসানসোলের জামুরিয়ায় তৃণমূলের অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জামুরিয়ার পাশাপাশি কুচবিহারের দিনহাটায় সংঘর্ষ হয়েছে। সেখানে ভোটগণনা কেন্দ্রের সামনে দুই দলের নেতাকর্মীরা মারামারিতে জড়ান। এর পাশাপাশি আসানসোলে ভোটগণনা এজেন্টদের মধ্যেও হাতাহাতি হয়। ওই সময় সেখানে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন তারা। এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৩টি আসনের মধ্যে ১৬৭ আসনে নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে মাত্র ৫৯টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। মোট আসনের মধ্যে ১৪৮টি আসন পেলেন সরকার গঠন করতে পারবে বিজয়ী দল। ফলে স্বাধীনতার পর এই প্রথম রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। সোমবার (৪ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে ভারতের নির্বাচন কমিশন এই তথ্য ঘোষণা করেছে। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হয় পশ্চিমবঙ্গে। নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস জানিয়েছিল, তারা গত তিনবারের মতো এবারও বিপুল ব্যবধানে জয় পাবে। তবে ফলাফল ঘোষণার পর থেকে দেখা যাচ্ছে বিজেপিকেই বেশিরভাগ মানুষ ভোট দিয়েছেন। এতে মমতার ১৫ বছরের শাসনের সমাপ্তি ঘটতে যাচ্ছে। এদিকে নিজের আসন ভবানীপুরেও হেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বশেষ ১৮তম রাউন্ডে তৃণমূল কংগ্রেসের এই নেত্রী এই আসনে ভোট পেয়েছেন ৫৫ হাজার ৭৮২। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পেয়েছেন ৬৬ হাজার ৭৮৫ ভোট। মমতার চেয়ে ১১ হাজার ৩ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। আরেকটি আসন নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু। সেখানে তার বিরুদ্ধে বিজেপি থেকে পদত্যাগ করা পবিত্র করকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল তৃণমূল। কিন্তু এই কৌশল কার্যত ব্যর্থ হয়ে গেল। কারণ শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ভোটের ব্যবধান ১০ হাজারের বেশি। যদিও নন্দীগ্রাম নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ‘নন্দীগ্রামে তৃণমূল জিতছে!’ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রামে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে হারতে হয় মুখ্যমন্ত্রীকে। শেষ হাসি হাসেন শুভেন্দুই। প্রায় ১ হাজার ৯৫৬ ভোটে জয় ছিনিয়ে আনেন লোকসভার সাবেক এই সাংসদ। সেই ফল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়। পাঁচ বছর পরে আরও একটি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়ে গেলেও হাইকোর্টে সেই মামলার নিষ্পত্তি হয়নি।
সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতে কাছে ৮.৬ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নতুন করে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার (১ মে) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলের জন্যেও অ্যাডভান্স প্রিসিশন কিল উইপেন সিস্টেম (এপিকেডব্লিওএস) দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের মিত্র দেশ-ইসরায়েল, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে মোট ৮.৬ বিলিয়ন (৮৬০ কোটি) ডলারের বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর নবম সপ্তাহ এবং একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার তিন সপ্তাহের বেশি সময় পর এই ঘোষণাটি এলো। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণায় অন্তর্ভুক্ত ছিল— কাতার: ৪.০১ বিলিয়ন ডলার মূল্যের ‘প্যাট্রিয়ট’ আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জাম এবং ৯৯২.৪ মিলিয়ন ডলার মূল্যের ‘অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম’ (APKWS)-যা একটি লেজার-নির্দেশিত অস্ত্র কিট। সংযুক্ত আরব আমিরাত: ১৪৭.৬ মিলিয়ন ডলার মূল্যের APKWS সরঞ্জাম। কুয়েত: ২.৫ বিলিয়ন ডলার মূল্যের একটি সমন্বিত যুদ্ধ নিয়ন্ত্রণ ব্যবস্থা (Integrated Battle Command System)। ইসরায়েল: ৯৯২.৪ মিলিয়ন ডলার মূল্যের ‘অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম’ (APKWS)। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কাতার, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে APKWS বিক্রির প্রধান ঠিকাদার হলো বিএই সিস্টেমস (BAE Systems)। অন্যদিকে, কুয়েতের সমন্বিত যুদ্ধ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কাতারের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির প্রধান ঠিকাদার হিসেবে রয়েছে আরটিএক্স (RTX) এবং লকহিড মার্টিন (Lockheed Martin)। এছাড়া কুয়েতের চুক্তিতে নর্থরপ গ্রুম্যান (Northrop Grumman)-ও অন্যতম প্রধান ঠিকাদার হিসেবে কাজ করছে। এদিকে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে ৩০টি কার্গো বিমানে করে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। এর মধ্যে ইসরায়েল একাই পেয়েছে হাজার হাজার টন অস্ত্র ও সরঞ্জাম। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনাকে আরও তীব্র করে তুলতে পারে। এ পদক্ষেপ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্রদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে। জেনেভায় আলোচনা চলা অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি বিনা উসকানিতে ইরানের ওপর হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। ইরানের ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল থেকে যুদ্ধ বিরতি কার্যকর আছে। ইরানের লিগ্যাল মেডিসিন সংস্থার তথ্যমতে, ১০ এপ্রিল পর্যন্ত ইরান-মার্কিন সংঘাতে মোট ৩ হাজার ৩৭৫ জন ইরানি নিহত হন, যার মধ্যে ২,৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এছাড়া জরুরি চিকিৎসা বিভাগের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে ১১৮ জন চিকিৎসাকর্মী আহত হন এবং ২৬ জন নিহত হন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে টানা ৩৮ দিনের সংঘাত শেষে বর্তমানে অস্থায়ী যুদ্ধবিরতি চললেও যুদ্ধের দগদগে দাগ এখনও স্পষ্ট ইরান জুড়ে। স্বজন হারানোর শোক কিংবা মার্কিন-ইসরায়েলি ধ্বংসযজ্ঞের চিহ্ন অনেকটাই তাজা এখনও। মার্কিন সেনারা এই মুহূর্তে হামলা না চালালেও তাদের এজেন্ডা বাস্তবায়নের দায়িত্ব যেন ঠিকই পালন করছে যুদ্ধকালে আকাশ থেকে ফেলা অসংখ্য বোমা। এমনই এক নজির দেখা গেল শনিবার (২ মে)। মার্কিন অবিস্ফোরিত একটি বোমা এদিন ফেটে গিয়ে একসঙ্গে কেড়ে নিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ১৪ জন সদস্যের প্রাণ। খবর গালফ নিউজের। ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর জানজানে অবিস্ফোরিত সেই বোমাটি অপসারণ করতে গিয়ে মর্মান্তিক এ ঘটনার সম্মুখীন হন আইআরজিসি সদস্যরা। আকস্মিক এ বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন সেনা। আইআরজিসির আনসার আল মাহদি ইউনিট এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছে, বিস্ফোরিত বোমাটি কী ধরনের— তা শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতরা সবাই সেই ইউনিটের সবচেয়ে অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ পর্যায়ের সদস্য ছিলেন বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। জানজান শহরে যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে— সেখানে বেশ কিছু ক্লাস্টার বোমা এবং এয়ার-ড্রপড মাইন রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সময় ওই এলাকায় বেশ কিছু বোমা ফেলেছিল মার্কিন বিমানবাহিনী— যেগুলো অবিস্ফোরিত থেকে গেছে। টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। চলমান যুদ্ধবিরতি পরিস্থিতিতে জানজান শহরের এ ঘটনাকে আইআরজিসির সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির ঘটনা বলে উল্লেখ করা হয়েছে ইরানি সংবাদমাধ্যমগুলোতে। যুদ্ধবিরতির পর থেকেই দেশের বিভিন্ন স্থানে অবিস্ফোরিত বোমার অনুসন্ধান এবং সেগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করে রেভল্যুশনারি গার্ড কোরের সদস্যরা। আইআরজিসির তথ্য অনুসারে, এ পর্যন্ত ১৫ হাজারেরও বেশি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করেছে বাহিনীর বোমা বিশেষজ্ঞ টিম।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম আবেদন প্রক্রিয়া আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।